কংগ্রেসের উদ্যোগে ভারতের হায়দরাবাদের ‘ভারত সম্মেলন’–এ অংশ নিতে আমন্ত্রণ জানানো হয়েছিল ৩১৫ জনকে। তাঁদের মধ্যে ১১৫ জনকে ভিসা দেয়নি ভারত সরকার। একেবারে শেষ মুহূর্তে যাঁদের ভিসা বাতিল করা হয়েছে, যাঁদের দেওয়াই হয়নি এবং ভিসা থাকা সত্ত্বেও যাঁদের আসতে দেওয়া হয়নি, তাঁদের মধ্যে রয়েছেন নরওয়ের সেই নারী সাংবাদিক হেল লং। তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নরওয়ে সফরের সময় তাঁকে ‘অপ্রিয়’ প্রশ্ন করেছিলেন।
এই অভিযোগ করেছেন তেলেঙ্গানার কংগ্রেসদলীয় মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। তাঁর উদ্যোগেই ‘ভারত সম্মেলন’ অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনের এটি দ্বিতীয় বছর। গত শুক্রবার মুখ্যমন্ত্রী রেড্ডি বলেন, ‘আমি বুঝতে পারি না, বহু ধরনের মতপ্রকাশের ক্ষেত্রে বিজেপির কিসের এত আপত্তি। গণতন্ত্রে সবারই সব ধরনের মতপ্রকাশের অধিকার রয়েছে। নরেন্দ্র মোদি মনে করেন, তিনি একজন একনায়ক, যিনি সব কণ্ঠরোধের অধিকারী।’
রেবন্ত রেড্ডি জানিয়েছেন, ‘ডিসেম্বরে হায়দরাবাদে ইনভেস্ট তেলেঙ্গানা গ্লোবাল সামিট অনুষ্ঠিত হবে। তার আগে এই ভারত সম্মেলনের আয়োজন করা হয়েছে। বৈশ্বিক আলোচনার জন্য আমরা গ্লোবাল সাউথে একটা প্ল্যাটফর্ম তৈরি করেছি। ওই সম্মেলন শুক্রবার শুরু হয়েছে। সেখানে ‘গিগ ওয়ার্কার্স’ বা চুক্তিভিত্তিক কর্মীদের জন্য তেলেঙ্গানা সরকারের নীতি চূড়ান্ত করা হবে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী শনিবার ওই সম্মেলনে যোগ দেন।
সম্মেলনে যোগ দিতে ইচ্ছুক কতজনকে ভিসা দেওয়া হয়নি, মুখ্যমন্ত্রী সে বিষয়ে কিছু না জানালেও কংগ্রেস নেতা শশী থারুর গতকাল শুক্রবার ‘এক্স’ হ্যান্ডেলে সরকারের সমালোচনা করে বলেন, ৩১৫ জনকে আমন্ত্রণ জানানো হয়েছিল; কিন্তু তাঁদের মধ্যে ১১৫ জনকেই আসার অনুমতি দেওয়া হয়নি। অনেকের ভিসা একেবারে শেষ মুহূর্তে বাতিল করা হয়।
মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির সঙ্গে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় মন্ত্রী সালমান খুরশিদ। তিনি বলেন, বিভিন্ন ধরনের নীতি নিয়ে আলোচনা সব সময় জরুরি। তেলেঙ্গানার প্রবৃদ্ধি ও উন্নয়নের জন্য এই সম্মেলনে মোট আটটি অধিবেশনের ব্যবস্থা করা হয়েছে। সুইজারল্যান্ডের দাভোস যেমন বৈশ্বিক আলোচনার কেন্দ্র হিসেবে পরিচিতি পেয়েছে, হায়দরাবাদকেও তেমনই এক কেন্দ্র করে তুলতে চান তাঁরা। হায়দরাবাদ হবে গ্লোবাল সাউথের কণ্ঠস্বর।

সেই কারণে ভারত ও ৭০টি দেশ থেকে মোট ১ হাজার জনকে আমন্ত্রণ জানানো হয়েছে। পরিবেশদূষণ, জলবায়ু পরিবর্তন থেকে শুরু করে অবকাঠামো নির্মাণ ও লগ্নি–সম্পর্কিত বিভিন্ন বিষয়ে তাঁদের মতামত দেওয়ার কথা। ওই সম্মেলনেই সংবাদপত্রের স্বাধীনতা ও গণমাধ্যমের ভবিষ্যৎ নিয়ে এক আলোচনাসভায় নরওয়ের সাংবাদিক হেল লংয়ের যোগ দেওয়ার কথা ছিল; কিন্তু একেবারে শেষ মুহূর্তে তাঁকে জানানো হয়, তিনি এই সফর করতে পারবেন না।
হেল লং এক ভিডিও বার্তায় বলেন, নরওয়ের ভারতীয় দূতাবাস থেকে তাঁকে সব ধরনের সহযোগিতা করেছে; কিন্তু রাজনৈতিক ছাড়পত্র ও ভিসা পাওয়ার পরেও ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাঁর সফর আটকে দেয়। শশী থারুরের মন্তব্য—এটা লজ্জার, একটি গর্বিত গণতন্ত্র নিজেকে এত অনিরাপদ মনে করে এতটাই তারা ভীত যে সব রকমের বিরুদ্ধস্বর তাদের দাবিয়ে রাখতে হয়।
তেলেঙ্গানার কংগ্রেস–দলীয় সংসদ সদস্য এবং মিডিয়া ইনচার্জ সি কিরণ কুমার রেড্ডি জানিয়েছেন, ভিসা কড়াকড়ির জন্য প্রায় ৩০ শতাংশ আমন্ত্রিত ব্যক্তি অনুষ্ঠানে যোগ দিতে পারেননি।
বিজেপি অবশ্য এই সম্মেলনকে ‘দেশবিরোধী’ বলে চিহ্নিত করেছে। তেলেঙ্গানা বিজেপি সভাপতি রামচন্দ্র রাও ও কেন্দ্রীয় মন্ত্রী জি কিষান রেড্ডি বলেছেন, এটা ভারতবিরোধীদের সমাবেশ হতে চলেছে। যাঁরা ভারতের অগ্রগতি চান না, যাঁরা পদে পদে সরকারের সমালোচনা করেন, প্রতি পদে দেশকে নিচে নামাতে চান, তাঁরাই এই সম্মেলনে জোটবদ্ধ হওয়ার চেষ্টা করছেন।
রামচন্দ্র রাওয়ের প্রশ্ন, রাজ্যে যখন অর্থসংকট চলছে, তখন এত কোটি কোটি টাকা খরচের অর্থ হয় না।
গত শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে এ বিষয়ে প্রশ্ন করা হয়েছিল। মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল এই বিষয়ে বলেন, কী কারণে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভিসা বাতিল করেছে, সেই কারণ তাঁর জানা নেই। তবে ভিসা দেওয়া না–দেওয়া কিংবা বাতিল করা যেকোনো দেশের সরকারের সার্বভৌম অধিকার।






