খবরটা সুস্মিতা সেনও জানলেন সংবাদমাধ্যম থেকে। তাঁর বিয়ের খবর। পাত্র পাকিস্তানের সাবেক ক্রিকেটার ওয়াসিম আকরাম! ২০১৩ সালের এপ্রিলে এমন খবর ছড়াতেই টুইটারে মুখ খুললেন সুস্মিতা। বিয়ের খবর উড়িয়ে দিয়ে লিখলেন, ‘ওয়াসিম আকরাম আমার বন্ধু, বন্ধুই থাকবেন।’ আকরামও জানালেন, বিয়ের খবরের কোনো ভিত্তি নেই। অথচ যে পরিচয় নিয়ে এত জল্পনা, তার শুরু হয়েছিল পাঁচ বছর আগে, একটি নাচের অনুষ্ঠানে বিচারকের আসনে।
তত দিনে সুস্মিতার মুকুট জয়ের গল্প সবার জানা। ১৯৭৫ সালের ১৯ নভেম্বর ভারতের হায়দরাবাদে জন্ম তাঁর। মাত্র ১৮ বছর বয়সে মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় ঐশ্বরিয়া রাইকে পেছনে ফেলে মুকুট জেতেন। সে বছরই, ১৯৯৪ সালে ফিলিপাইনের ম্যানিলায় প্রথম ভারতীয় হিসেবে হন মিস ইউনিভার্স। দুই বছর পর মহেশ ভাটের ‘দস্তক’ দিয়ে বলিউডে অভিষেক। এরপর ‘বিবি নাম্বার ওয়ান’, ‘ম্যায় হুঁ না’, ‘ম্যায়নে পেয়ার কিউ কিয়া’। দীর্ঘ বিরতির পর ২০২০ সালে ‘আরিয়া’ দিয়ে অভিনয়ে ফেরেন। সিরিজটির প্রথম মৌসুম আন্তর্জাতিক এমিতে মনোনয়ন পায়। পরে ‘তালি’তে অভিনয় করেন রূপান্তরকামী অধিকারকর্মী গৌরী সাওয়ান্তের ভূমিকায়।
পর্দার বাইরে নিজের সিদ্ধান্ত নিয়েও আলোচনায় ছিলেন সুস্মিতা। ক্যারিয়ারের গোড়াতেই ২৪ বছর বয়সে প্রথম মেয়ে রেনেকে দত্তক নেন। তাঁর ম্যানেজার তখন বলেছিলেন, মা হওয়ার পর তিনি আর কাজ পাবেন না। সুস্মিতা পরে স্মরণ করেছেন, মা হওয়ার পরই মুক্তি পেয়েছিল তাঁর ক্যারিয়ারের কয়েকটি বড় হিট। ২০১০ সালে দ্বিতীয় মেয়ে আলিশাহকে দত্তক নেন তিনি। আজ তাঁর ৫১তম জন্মদিনে ফিরে দেখা যাক সেই সম্পর্কগুলোর কথা, যেগুলো একসময় তাঁকে শিরোনামে এনেছিল।

যে অনুষ্ঠান থেকে ওয়াসিম আকরামকে নিয়ে জল্পনা
২০০৮ সালে ভারতের নাচের রিয়েলিটি শো ‘এক খিলাড়ি এক হাসিনা’য় সুস্মিতা ও আকরাম ছিলেন বিচারক। ওই অনুষ্ঠান থেকেই দুজনের নাম জুড়ে সংবাদ প্রকাশ হতে থাকে। কয়েক বছর পর সেই জল্পনা গড়ায় বিয়ের খবরে। সুস্মিতা তখন আকরামকে বন্ধু বলে পরিচয় দেন। আকরামও গুঞ্জনের ইতি টানতে বলেন সংবাদমাধ্যমকে। দুজনই তাঁদের ব্যক্তিজীবনের প্রতি সম্মান দেখানোর অনুরোধ জানান।
প্রথম ছবির চিত্রনাট্যকার বিক্রম ভাট
বলিউডে সুস্মিতার প্রথম ছবি ‘দস্তক’-এর চিত্রনাট্য লিখেছিলেন বিক্রম ভাট। পরিচালক ছিলেন মহেশ ভাট। ছবিতে কাজের সূত্রেই বিক্রমের সঙ্গে সুস্মিতার পরিচয়। পরে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিক্রম তখন বিবাহিত। বহু বছর পর এক সাক্ষাৎকারে ওই সময়ের কথা বলতে গিয়ে স্ত্রী ও মেয়েকে ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে অনুশোচনা প্রকাশ করেন তিনি।
রণদীপ হুদার সঙ্গে তিন বছর
২০০৬ সালের দিকে সুস্মিতা ও রণদীপ হুদার প্রেমের খবর প্রকাশ্যে আসে। দুজনকে একসঙ্গে দেখা যেত। ‘কর্মা, কনফেশনস অ্যান্ড হোলি’ ছবিতেও তাঁরা অভিনয় করেন। প্রায় তিন বছর পর ২০০৯ সালে তাঁদের বিচ্ছেদ হয়। সে সময়ের কথা বলতে গিয়ে রণদীপ পরে এক সাক্ষাৎকারে জানান, সম্পর্কটিতে তিনি অনেকটা সময় দিয়েছিলেন। বিচ্ছেদের পর আবার নিজের কাজে মন দিতে পেরেছিলেন।

আলোচনায় মুদাসসর আজিজ ও ঋত্বিক ভাসিন
মুদাসসর আজিজের পরিচালনায় ‘দুলহা মিল গায়া’য় অভিনয় করেছিলেন সুস্মিতা। একসঙ্গে কাজের সূত্রে এই নির্মাতার সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জন ছড়ায়। মুম্বাইয়ের রেস্তোরাঁ ব্যবসায়ী ঋত্বিক ভাসিনকে নিয়েও একই ধরনের খবর বেরিয়েছিল। ২০১৩ সালে মুম্বাইয়ের একটি পার্টিতে দুজনকে একসঙ্গে দেখা যাওয়ার খবর দেয় হিন্দুস্তান টাইমস। ২০১৭ সালে ইন্ডিয়া টুডে তাঁদের কথিত বিচ্ছেদের খবর প্রকাশ করে।
রেহমান শালের সঙ্গে বিচ্ছেদের খবর দিলেন নিজেই
মডেল রেহমান শালের সঙ্গে সম্পর্কের ইতি টানার খবর সুস্মিতা নিজেই জানান। ২০২১ সালের ২৩ ডিসেম্বর ইনস্টাগ্রামে দুজনের একটি ছবি দিয়ে লেখেন, বন্ধুত্ব দিয়েই তাঁদের সম্পর্ক শুরু হয়েছিল। প্রেমের সম্পর্ক অনেক আগেই শেষ হয়েছে, বন্ধুত্ব রয়ে গেছে। পরের বছর সুস্মিতার ইনস্টাগ্রাম লাইভেও দেখা যায় রেহমানকে।

ললিত মোদির ঘোষণার পর সুস্মিতার জবাব
২০২২ সালের ১৪ জুলাই আইপিএলের প্রতিষ্ঠাতা ললিত মোদি টুইটারে সুস্মিতার সঙ্গে কয়েকটি ছবি প্রকাশ করে জানান, তাঁরা প্রেম করছেন। ছবি দেখে বিয়ের জল্পনা শুরু হলে আরেকটি পোস্টে ললিত জানান, তাঁদের বিয়ে হয়নি। পরদিন দুই মেয়ের সঙ্গে নিজের ছবি দিয়ে সুস্মিতাও লেখেন, তিনি বিয়ে করেননি, আংটিবদলও হয়নি। তাঁর পোস্টে ললিতের নাম ছিল না।
এর দুই বছর পর রিয়া চক্রবর্তীর অনুষ্ঠান ‘চ্যাপ্টার ২’-এ ব্যক্তিজীবন নিয়ে আবার কথা বলেন সুস্মিতা। সেদিন তিনি জানান, প্রায় তিন বছর ধরে তিনি কোনো প্রেমের সম্পর্কে নেই।
সূত্র: এনডিটিভি, ইন্ডিয়া টুডে, টাইমস অব ইন্ডিয়া।






