বড় ভাইয়ের পুরোনো জামা ছোট ভাইয়ের গায়ে ঢলঢলে হয়ে ঝুলে থাকে। আস্তিন হাতের চেয়ে লম্বা, কাঁধ নেমে এসেছে কনুইয়ের দিকে। মা বলেন, ‘আরেকটু বড় হলে ঠিক হয়ে যাবে।’ ছোট ভাই তখন আয়নার সামনে দাঁড়িয়ে জামাটা একটু টেনেটুনে দেখে। আনন্দ ও অস্বস্তি, দুটোই একসঙ্গে।

আর্জেন্টিনার ১০ নম্বর জার্সিটা এখন ঠিক এমন এক জামা। আগে যিনি পরতেন, সেই লোকটার নাম লিওনেল মেসি। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন। জার্সিটা এখনো কেউ পাননি। তবে যিনি পাবেন বলে মোটামোটি নিশ্চিত, তাঁর নাম নিকো পাজ।

দেশের জার্সিতে সর্বশেষ ৫ ম্যাচে ৫ গোল করেছেন, করিয়েছেন আরও ১টি। কোস্টারিকার বিপক্ষে সর্বশেষ ম্যাচে জোড়া গোলের পর মনে হচ্ছে, আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি বেশি দিন আর ১০ নম্বর জার্সিটা ফাঁকা রাখবেন না।

কোস্টারিকার বিপক্ষে গত পরশু জোড়া গোল করেছেন নিকো পাজ

পাজের বয়স ২২। ইউরোপের সবচেয়ে আলোচিত তরুণদের একজন। জন্ম স্পেনের তেনেরিফেতে। বাবা পাবলো পাজ ১৯৯৮ বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে খেলেছেন। ছেলে বড় হয়েছেন রিয়াল মাদ্রিদে। তিন বছর কাটিয়েছেন রিয়ালের রিজার্ভ দল কাস্তিয়ায়। মূল দলে ঢোকার দরজাটা একটু খুলে আর খোলেনি।

মাদ্রিদের না-হওয়া গল্প

২০২২ সালের জানুয়ারিতে রিয়ালের রিজার্ভ দলে অভিষেক হয়েছিল পাজের। আর্জেন্টিনা অনূর্ধ্ব–২০ দলের হয়ে আন্তর্জাতিক অভিষেক হলো এর কয়েক মাস পর। রিয়ালের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে খেলেছেন মাত্র আট ম্যাচ। ২০২৪ সালের আগস্টে তাই প্রায় ৬০ লাখ ইউরোতে চলে গেলেন ইতালির ক্লাব কোমোতে। চুক্তিতে অবশ্য পাজকে আবার ফিরিয়ে নেওয়ার সুযোগ রেখেছিল রিয়াল।

রিয়াল মাদ্রিদের জার্সিতে খুব বেশি সুযোগ পাননি পাজ।

কোমোর দায়িত্বে তখনো সেস্ক ফ্যাব্রেগাস। বার্সেলোনা, আর্সেনাল ও চেলসির সাবেক মিডফিল্ডারের জন্য সেটাই ছিল কোচ হিসেবে প্রথম বড় কাজ। পাজ বলছেন, ‘তিনি আমাকে প্রায় সবকিছুই শিখিয়েছেন।’ উয়েফাকে এ বছরের শুরুতে পাজ আরও বলেছিলেন, ‘আমি এখানে এসেছিলাম কাস্তিয়া (রিয়াল মাদ্রিদের যুবদল) থেকে, তরুণ খেলোয়াড় হিসেবে। রিয়াল মাদ্রিদের হয়ে কয়েকটা ম্যাচ খেলেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত আমি নিচের ডিভিশনের একজন রিজার্ভ দলের খেলোয়াড়ই ছিলাম। এখানে এসে শীর্ষ লিগ সিরি আ-তে খেলতে পেরে একজন খেলোয়াড় ও একজন মানুষ, দুভাবেই অনেক বেড়েছি, উন্নতি করেছি।’

আর এ জন্য ফ্যাব্রেগাসকেই সবচেয়ে বেশি কৃতিত্ব দিয়েছেন পাজ, ‘সবই সেস্কের জন্য, যিনি আমাকে বিশ্বাস করেছেন এবং এখানে এনেছেন। প্রথম দিন থেকেই তিনি আমাকে নিজের মতো খেলতে দিয়েছেন, অনেক স্বাধীনতা দিয়েছেন। আমাকে অনেক কিছু শিখিয়েছেন। আজ আমি যে রকম খেলোয়াড় হয়েছি, তার সবই ওঁর জন্য।’

কোমোর হয়ে এই মৌসুমেই ১৪ ম্যাচে ৬ গোল ও ৮ অ্যাসিস্ট পাজের।

সংখ্যাও বলছে, পাজের উন্নতি চোখে পড়ার মতো। কোমোর হয়ে ৮৯ ম্যাচে করেছেন ২৫ গোল, করিয়েছেন আরও ২৫টি। চলতি মৌসুমেই ১৪ ম্যাচে ৬ গোল ও ৮ অ্যাসিস্ট। আর্সেনাল ও চেলসির মতো ক্লাবের আগ্রহ তৈরি হওয়াটাও তাই অস্বাভাবিক নয়। শেষ পর্যন্ত জটিল এক চুক্তিতে মাদ্রিদ এই গ্রীষ্মে পাজের ওপর পূর্ণ অধিকার কোমোকে ছেড়ে দিয়েছে, প্রায় ৬ কোটি ইউরোতে। তবে ২০২৭ সালে ৮ কোটি ইউরোতে তাঁকে ফিরিয়ে নেওয়ার একটা ধারাও তারা রেখে দিয়েছে।

মেসির পাশে দাঁড় করালে...

মেসির সঙ্গে তুলনা যে কারও জন্য নিষ্ঠুর, সন্দেহ নেই। তবু আর্জেন্টিনার যেকোনো সৃজনশীল তরুণকে এই পরীক্ষা দিতে হয়। পাজের বেলায় তা আরও অনিবার্য, কারণ তাঁর গায়ে ওই ১০ নম্বর জার্সিই উঠতে যাচ্ছে।

পরিসংখ্যানের আয়নায় দুজনকে পাশাপাশি দাঁড় করালে ব্যবধানটা স্পষ্ট হয়ে ওঠে। ২১ বছর বয়সে বার্সেলোনার হয়ে ২০০৮-০৯ মৌসুমে লিগে ৩৪টি গোলে অবদান ছিল মেসির। ২৩ গোল, ১১ অ্যাসিস্ট। সে মৌসুমেই বার্সেলোনা জিতেছিল চ্যাম্পিয়নস লিগ। ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে গোলও করেছিলেন মেসি।

মেসির সঙ্গে পাজের তুলনা করাটা অন্যায়।

পাজের ২১ বছর বয়সের মৌসুমে কোমো তখন চ্যাম্পিয়নস লিগে খেলার যোগ্যতা অর্জনের স্বপ্ন দেখছে। সেই যাত্রায় বড় ভূমিকা ছিল তাঁর। লিগে ১২ গোল, ৬ অ্যাসিস্ট, মোট ১৮ গোলে অবদান। দুজনের প্রতি ৯০ মিনিটে শট নেওয়ার সংখ্যাও কাছাকাছি ছিল। মেসির ৪.০৮, পাজের ৩.৭৮।

কিন্তু সেখানেই মিলের শেষ। প্রতি ৯০ মিনিটে সুযোগ তৈরি করায় মেসি এগিয়ে ছিলেন অনেকটা। মেসির ২.৫৮, পাজের ১.৫৯। ড্রিবলিংয়েও একই ছবি। প্রতি ৯০ মিনিটে মেসির সফল ড্রিবল ৩.৭৯টি, পাজের ২.১৫টি।

সংখ্যাগুলো নতুন কিছু বলছে না, জানা কথাটাই আবার বলছে। মেসির হুবহু বিকল্প বলে এই পৃথিবীতে কিছু নেই। কারণ, মেসি একজনই। পাজ লম্বা, গতিতে একটু ধীর। ছোট জায়গায় বিস্ফোরণের বদলে তিনি ঘুরে গিয়ে বা পাক খেয়ে জায়গা বানান। আর্জেন্টিনায় এখন তাঁকে খেলতে হচ্ছে ডান প্রান্তে। কোমোতে স্ট্রাইকারের ঠিক পেছনে যে স্বাধীনতা পান, জাতীয় দলে তা নেই।

পাজের শক্তি কোথায়?

তাঁর দারুণ প্রথম টাচ, বাঁ পায়ের জোরালো শট, অসাধারণ দূরদৃষ্টি, ভিড়ের মধ্যে বল ধরে রাখার ক্ষমতা। কিন্তু এসবের মধ্যে আরেকটা জিনিস কম আলোচিত; সেটা হলো পজিশনিং। সতীর্থ আর প্রতিপক্ষ খেলোয়াড়েরা কোথায় আছেন, সেটা দেখে নিজেকে কখন কোথায় সরাতে হবে, সেটা তিনি বোঝেন। কোমো কোচ ফ্যাব্রেগাসের পুরো খেলাটাই তৈরি হয় পাজের এই নড়াচড়া কেন্দ্র করে।

কোমোতে ১০ নম্বর জার্সি গায়ে খেলেন নিকো পাজ

পাজ ড্রিবল করে প্রতিপক্ষকে ছিঁড়ে ফেলার খেলোয়াড় নন। সবাইকে ছিটকে দিয়ে বেরিয়ে যান না সাধারণত। প্রায় ছয় ফুট উচ্চতার কারণে ছোট জায়গায় হুট করে ছুটতে পারেন না। তাই দাঁড়ানো অবস্থা থেকে ক্ষিপ্র শরীরী নড়াচড়া আর গতি কমিয়ে প্রতিপক্ষকে বোকা বানান। ড্রিবলের উদ্দেশ্যও আলাদা। প্রতিপক্ষকে ওদের ছক থেকে টেনে বের করে আনেন, যাতে সতীর্থের জন্য জায়গা খোলে। ডিপ-লায়িং সিক্স ডিঙোলে সেন্টারব্যাককে আগে এগিয়ে আসতে হয়, আর পাজের লক্ষ্যও থাকে সেটাই। এ কারণেই ফ্যাব্রেগাস তাঁকে ডান প্রান্ত থেকে সরিয়ে মাঝখানে এনেছেন; যদিও স্বভাবে ভেতরে ঢুকে চমৎকার বাঁ পায়ে খেলা উইঙ্গার পাজ। কিন্তু কোচ বুঝেছিলেন, ১০ নম্বরে তাঁর প্রভাব বেশি হবে।

দুটি ম্যাচ, পাজের সামর্থ্যের কিছু উদাহরণ

চ্যাম্পিয়নস লিগে গত সেপ্টেম্বর মাসে কোমো ৪-১ গোলে হারিয়েছিল লাইপজিগকে। লাইপজিগ খেলেছিল ম্যান টু ম্যান মার্কিংয়ে। পাজ সেটাকেই কাজে লাগিয়েছেন। মার্কারদের নিজের দিকে টেনে এনে নিজে সরে গিয়ে সতীর্থের জন্য জায়গা বানিয়েছেন। লাইপজিগ তাঁকে আটকে রাখতে পেরেছিল ঠিকই, কিন্তু তাঁর তৈরি করা ফাঁকা জায়গা দিয়ে বারবার আক্রমণে উঠেছে কোমো। ম্যাচে দুটি অ্যাসিস্টও করেন পাজ।

লাইপজিগের বিপক্ষে ম্যাচে দুটি অ্যাসিস্ট করেন পাজ।

আবার অক্টোবরে ম্যানচেস্টার ইউনাইটেডকে ৪-১ গোলে হারানোর ম্যাচে তিনটি গোলে পাজের অবদান, যে ম্যাচে মিলেছে তাঁর ফুটবলবুদ্ধির পরিচয়। প্রথম গোলে মাঝমাঠ ও রক্ষণের মাঝের ফাঁকা জায়গায় ঢুকে মিডফিল্ডারদের নজর এড়ান। এরপর বাঁ পায়ের নিখুঁত শটে দূরের পোস্টে বল পাঠান।

পরের গোলে পাজই মূলত কারিগর। মাঝমাঠ ও রক্ষণের মাঝখানে জায়গা বানিয়ে বল পেয়ে দুর্দান্ত এক থ্রু পাস বাড়ান আনাস্তাসিওস দুভিকাসের উদ্দেশে। আর তৃতীয় গোলে দেখান তাঁর রক্ষণ দক্ষতাও। প্রতিপক্ষের আক্রমণ গড়ে ওঠার আগেই কার্লোস বালেবার পা থেকে বল কেড়ে নিয়ে গোল করেন।

ফ্যাব্রেগাসও পাজের এই গুণটির প্রশংসা করেছেন। ফরোয়ার্ড পাজকে তাই নিজের দলের সেরা তিন ‘ডিফেন্ডারে’র একজন হিসেবে উল্লেখ করেছেন!

যেখানে উন্নতির জায়গা

বাঁ পায়ের ওপর অতিনির্ভরতা ভবিষ্যতে সমস্যা হতে পারে পাজের জন্য।

বাঁ পায়ের ওপর অতিনির্ভরতা ভবিষ্যতে সমস্যা হতে পারে। শটও কমিয়ে আনা দরকার। সঠিক পাস বাছাইয়ে পাজ এত ভালো, অথচ ৯০ মিনিটে নিচ্ছেন ৫.০৬টি শট, প্রতি শটে প্রত্যাশিত গোল (এক্সজি) মাত্র ০.০৯। এ থেকে মনে হয়, নিজে গোল করতে না গিয়ে আরও বেশি প্লে–মেকিংয়ে মন দিলে ভালো করবেন। ফ্যাব্রেগাসের উৎসাহেই হোক বা না হোক, শট নেওয়ার প্রবণতা বেড়েছে। গত মৌসুমে প্রতি ৯০ মিনিটে ছিল ৩.৭৮টি শট, ৩৯.৭ শতাংশ লক্ষ্যে। এবার ৫.০৬টি, লক্ষ্যে মাত্র ২৬ শতাংশ।

কে কী বলছেন

পাজকে নিয়ে ফ্যাব্রেগাসের মুগ্ধতা গোপন কিছু নয়। ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ম্যাচের পর কোমো কোচ বলেছিলেন, ‘নিকো অসাধারণ! সবাই দেখেছে, সে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে কী করেছে। তবে দুটি গোল ও একটি অ্যাসিস্টের বাইরেও আমাকে মুগ্ধ করেছে তার পরিণতিবোধ, আত্মবিশ্বাস এবং মাঠের প্রতিটি পরিস্থিতি বুঝতে পারার ক্ষমতা। এমন একজন খেলোয়াড় থাকলে তাকে নিজের মতো করে খেলার স্বাধীনতা দিতে হয়।’

পাজকে নিয়ে বেশ আশাবাদী আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।

আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিও পাজকে নিয়ে আশাবাদী। ২০২৫ সালে বলেছিলেন, ‘তাকে নিয়ে আমাদের অনেক আশা। আমরা ধীরে এগোব। কোমো যেভাবে তাকে আগলে রাখছে, আমরাও সেভাবে তার যত্ন নেব। তাকে ভালো খেলোয়াড়দের সঙ্গে খেলার সুযোগ দেব। সে এমন একটি দলে আছে, যারা তার পছন্দের ফুটবল খেলে। এমন একজন কোচ পেয়েছে, যিনি তাকে বোঝেন। নইলে ইতালিতে এত কম বয়সে মানিয়ে নেওয়া কঠিন হতো। তার মানসিকতাও দারুণ। সে শান্ত, স্থির এবং আত্মবিশ্বাসী।’

মেসিও ২০২৪ সালে পাজের প্রশংসা করেছিলেন। বলেছিলেন, ‘নিকোর মানসিকতা অসাধারণ। এ কারণেই সে আজ এই জায়গায়। তার অনেক গুণ আছে, খেলাটা খুব ভালো বোঝে। সেস্ক ফ্যাব্রেগাসের মতো একজন কোচের অধীন আছে, যে আমার বন্ধু। সে নিকোকে অনেক এগিয়ে নিতে সাহায্য করবে।’

পাজের প্রশংসা করেছেন মেসিও

আস্তিন গুটিয়ে...

মেসি হওয়া আর কারও পক্ষে সম্ভব নয়। নিকো পাজও মেসি হবেন না, হওয়ার দরকারও নেই। বড় ভাইয়ের জামা কখনোই ছোট ভাইয়ের মাপে সেলাই করা থাকে না। ঢলঢলে আস্তিন গুটিয়ে নিতে হয়, কাঁধটা কিছুদিন ঝুলেই থাকে। কেউ কেউ ওই জামা পরে বড় হয়ে ওঠেন। তারপর একসময় লক্ষ করেন, জামাটা ঠিকই গায়ে লেগে গেছে।

আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি হয়তো কিছুদিন ঝুলে থাকবে পাজের কাঁধে। তারপর হয়তো একদিন ঠিকই ফিট হয়ে যাবে।