বলিউডে নায়িকাদের সৌন্দর্য, পোশাক আর পর্দায় উপস্থিতির নির্দিষ্ট কিছু ছক ছিল। নায়িকা মানেই লাজুক, সংযত, নায়কের প্রেমে মগ্ন এক নারী। সেই ছকে বড়সড় ধাক্কা দিয়েছিলেন জিনাত আমান। খোলা চুল, পাশ্চাত্য পোশাক, আত্মবিশ্বাসী চলন আর পর্দায় নিজের শরীরী উপস্থিতি নিয়ে নির্ভীক এই অভিনেত্রী সত্তরের দশকে হিন্দি সিনেমার নায়িকার সংজ্ঞাই বদলে দিয়েছিলেন। তাঁর আগে নায়িকারা পর্দায় সাহসী হননি, বিষয়টি তেমন নয়। কিন্তু জিনাতের সাহসের ধরন ছিল আলাদা। তিনি শুধু গ্ল্যামারাস ছিলেন না, তাঁর চরিত্রগুলোও অনেক সময় সমাজের প্রচলিত নৈতিকতার বিরুদ্ধে দাঁড়াত।
কখনো হিপ্পি সংস্কৃতিতে প্রভাবিত তরুণী, কখনো স্বাধীনচেতা আধুনিক নারী, কখনো যৌন আবেদনময়ী চরিত্র, আবার কখনো প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করা এক নারী—বিভিন্ন রূপে দর্শকের সামনে হাজির হয়েছেন তিনি। ‘হরে রামা হরে কৃষ্ণ’, ‘ইয়াদোঁ কি বারাত’, ‘রোটি কাপড়া অউর মকান’, ‘সত্যম শিবম সুন্দরম’, ‘ডন’ ও ‘কুরবানি’র মতো সিনেমা তাঁকে নিয়ে গেছে জনপ্রিয়তার শীর্ষে।
আজ ১৯ নভেম্বর, জিনাত আমানের ৭৫তম জন্মদিন। দীর্ঘ অভিনয়জীবনে পেয়েছেন খ্যাতি, সাফল্য, বিতর্ক ও ব্যক্তিগত জীবনের নানা আঘাত। একসময় যাঁকে নিয়ে আলোচনা হয়েছে তাঁর পোশাক, শরীরী আবেদন ও সাহসী দৃশ্যের কারণে, সেই অভিনেত্রী এখন নিজের বয়স, অভিজ্ঞতা, সম্পর্ক ও জীবনের নানা উপলব্ধি নিয়ে কথা বলেন অকপটে। সামাজিক যোগাযোগমাধ্যমেও নতুন প্রজন্মের কাছে তৈরি করেছেন আলাদা পরিচিতি।
একসময় বলিউড তাঁকে দেখেছিল ‘সেক্স সিম্বল’ হিসেবে। অথচ এই পরিচয়ের আড়ালে চাপা পড়ে গিয়েছিল তাঁর অভিনয়, ব্যক্তিত্ব ও নিজের মতো করে বাঁচার আকাঙ্ক্ষা। ৭৫ বছরে দাঁড়িয়ে জিনাত আমানের গল্প তাই শুধু একজন অভিনেত্রীর সাফল্যের গল্প নয়; এটি বলিউডে নারীর স্বাধীনতা, শরীর, সৌন্দর্য, বয়স ও ব্যক্তিগত মর্যাদারও গল্প।
সৌন্দর্য প্রতিযোগিতা থেকে বলিউড
১৯৫১ সালের ১৯ নভেম্বর জিনাত আমানের জন্ম। তাঁর বাবা আমানুল্লাহ খান ছিলেন চিত্রনাট্যকার। মুঘল-এ-আজম ও ‘পাকিজা’র মতো সিনেমার চিত্রনাট্যের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। বাবার কাছ থেকেই ‘আমান’ নামটি পেয়েছিলেন জিনাত। ছোটবেলাতেই বাবাকে হারান তিনি। পড়াশোনার জন্য যুক্তরাষ্ট্রেও গিয়েছিলেন; তবে শেষ পর্যন্ত ভারতে ফিরে আসেন।

১৯৭০ সালে ফেমিনা মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম রানারআপ হন। একই বছর মিস এশিয়া প্যাসিফিক আন্তর্জাতিক প্রতিযোগিতায় জয়ী হয়ে আন্তর্জাতিক পরিচিতি পান। এই সাফল্য তাঁর সামনে খুলে দেয় মডেলিং ও অভিনয়ের দরজা।
১৯৭০ সালে দ্য ইভিল উইদিন দিয়ে সিনেমায় অভিষেক। এরপর হুলচুল ও ‘হাঙ্গামা’য় অভিনয় করলেও সেভাবে নজর কাড়তে পারেননি। ভাগ্য বদলে যায় ১৯৭১ সালে দেব আনন্দের ‘হরে রামা হরে কৃষ্ণ’ ছবিতে অভিনয়ের পর।
ছবিতে জিনাতের চরিত্র জসবিড়, যিনি জানিস নামেও পরিচিত। পাশ্চাত্য জীবনযাপন, হিপ্পি সংস্কৃতি ও মাদকাসক্তির জগতে হারিয়ে যাওয়া এক তরুণীর চরিত্রে অভিনয় করেন তিনি। দেব আনন্দের বিপরীতে তাঁর অভিনয় দর্শক ও সমালোচকদের নজর কাড়ে। ছবির ‘দম মারো দম’ গানটিও হয়ে ওঠে সময়ের অন্যতম জনপ্রিয় গান।
এই সিনেমার জন্য ফিল্মফেয়ারে সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার পান জিনাত। প্রথম ছবিতেই তিনি বুঝিয়ে দেন, প্রচলিত নায়িকাদের মতো হওয়ার কোনো আগ্রহ তাঁর নেই।
যে নায়িকা প্রচলিত নায়িকার সংজ্ঞা বদলে দিলেন
সত্তরের দশকে বলিউডে যখন হেমা মালিনী, রেখা, রাখী ও শর্মিলা ঠাকুরের মতো অভিনেত্রীরা জনপ্রিয়তার শীর্ষে, তখন জিনাত আমান নিজের জন্য তৈরি করছিলেন সম্পূর্ণ আলাদা জায়গা। তাঁর পোশাকে ছিল পাশ্চাত্যের ছাপ, অভিনয়ে ছিল আত্মবিশ্বাস, আর চরিত্র নির্বাচনে ছিল প্রচলিত সামাজিক বিধিনিষেধ ভাঙার প্রবণতা।
১৯৭৪ সালে মুক্তি পাওয়া ‘মনোরঞ্জন’ ছবিতে যৌনকর্মী নিশার চরিত্রে অভিনয় করেন তিনি। একই বছর ‘অজনবী’ ছবিতে দেখা যায় রাশমিকে। যে নারী মাতৃত্বের চেয়ে নিজের ক্যারিয়ারকে গুরুত্ব দেয়। ‘রোটি কাপড়া অউর মকান’ ছবিতে শীতল চরিত্রে অভিনয় করে আবারও আলোচনায় আসেন। সেখানে প্রেমিকের আর্থিক অনিশ্চয়তা থেকে বেরিয়ে ধনী পুরুষকে বেছে নেন তিনি।
এমন চরিত্র তখনকার হিন্দি সিনেমায় খুব একটা দেখা যেত না। নায়িকাদের সাধারণত ত্যাগী, প্রেমময়ী কিংবা সংসারনির্ভর নারী হিসেবেই উপস্থাপন করা হতো। জিনাত সেই জায়গায় নিয়ে এলেন উচ্চাকাঙ্ক্ষী, আত্মকেন্দ্রিক, যৌনতা সম্পর্কে সচেতন এবং নিজের সিদ্ধান্ত নিজে নিতে চাওয়া নারীকে।
এই চরিত্রগুলো জিনাতকে জনপ্রিয়তার পাশাপাশি বিতর্কও এনে দেয়। কিন্তু তাঁর কাছে এগুলো ছিল অভিনয়ের সুযোগ।
‘সত্যম শিবম সুন্দরম’: যে সিনেমা তাঁকে বিতর্কের কেন্দ্রে নিয়ে আসে
জিনাত আমানের ক্যারিয়ারের সবচেয়ে আলোচিত সিনেমার নাম ‘সত্যম শিবম সুন্দরম’। ১৯৭৮ সালে মুক্তি পাওয়া রাজ কাপুর পরিচালিত ছবিতে রুপা চরিত্রে অভিনয় করেন তিনি। বিপরীতে ছিলেন শশী কাপুর।

ছবির গল্পে রুপা একজন গ্রামের মেয়ে। মুখের এক পাশে পোড়া দাগ থাকলেও তাঁর কণ্ঠ অসাধারণ সুন্দর। গ্রামের মানুষের কাছে তিনি হয়ে ওঠেন এক বিশেষ আকর্ষণের নাম। অন্যদিকে তাঁর সৌন্দর্য ও শরীরী উপস্থিতি নিয়েও তৈরি হয় নানা আলোচনা।
সিনেমাটিতে সাদা শাড়ি, খোলামেলা ব্লাউজ এবং বৃষ্টিতে ভেজা দৃশ্যে জিনাতের উপস্থিতি সে সময়ের দর্শকদের মধ্যে ব্যাপক আলোড়ন তৈরি করেছিল। অনেকেই ছবিটিকে অশ্লীলতার অভিযোগে অভিযুক্ত করেন। সমালোচনার বড় অংশ জুড়েই ছিল তাঁর পোশাক ও শরীরী আবেদন।
এমনকি অভিনেতা দেব আনন্দও ছবিটির উপস্থাপনা নিয়ে আপত্তি জানিয়েছিলেন। তাঁর অভিযোগ ছিল, ক্যামেরা গল্পের চেয়ে জিনাতের শরীরের দিকেই বেশি মনোযোগ দিয়েছে।
তবে ছবিটি নিয়ে জিনাতের অবস্থান ছিল স্পষ্ট। ২০২৩ সালে নিজের ইনস্টাগ্রামে ছবিটির লুক টেস্টের পুরোনো ছবি প্রকাশ করে তিনি লিখেছিলেন, মানবদেহের মধ্যে অশ্লীল কিছু দেখেন না তিনি। রুপার যৌন আবেদন গল্পের মূল বিষয় ছিল না, বরং গল্পের একটি অংশ। তাঁর ভাষ্য অনুযায়ী, সিনেমার সেটে প্রতিটি দৃশ্য বহু মানুষের সামনে পরিকল্পনা, মহড়া ও নির্দেশনা মেনে ধারণ করা হয়।
ছবিতে অভিনয়ের জন্য তাঁকে প্রথমে বেছে নিতে কিছুটা দ্বিধায় ছিলেন রাজ কাপুরও। কারণ, জিনাতের পশ্চিমা ধাঁচের পরিচিতি। পরিচালক নিশ্চিত হতে চেয়েছিলেন, গ্রামের মেয়ের চরিত্রে তাঁকে দর্শক গ্রহণ করবেন কি না। জিনাত নিজেই মুখে পোড়া দাগের মতো মেকআপ করে রাজ কাপুরের সামনে হাজির হয়েছিলেন। তাঁর সেই আগ্রহ ও প্রস্তুতি পরিচালকের মন জয় করে।
ছবিটি মুক্তির পর বাণিজ্যিক সাফল্যও পায়। কিন্তু রূপা চরিত্রটি নিয়ে বিতর্ক থামেনি। বহু বছর পরও এই ছবির প্রসঙ্গ উঠলে জিনাতের সাহসী উপস্থিতির কথা আলোচনায় আসে।

‘ডন’, ‘কুরবানি’: গ্ল্যামার আর অভিনয়ের সফল মিশেল
শুধু সাহসী দৃশ্য নয়, বাণিজ্যিক সিনেমাতেও নিজের জায়গা শক্ত করেছিলেন জিনাত। ১৯৭৮ সালে অমিতাভ বচ্চনের সঙ্গে ‘ডন’ ছবিতে রোমা চরিত্রে অভিনয় করেন। অ্যাকশন, রহস্য ও অপরাধনির্ভর গল্পে রোমা ছিলেন আত্মবিশ্বাসী, সাহসী ও বুদ্ধিমান নারী। পুরুষ চরিত্রের পাশে দাঁড়িয়ে থেকেও যিনি নিজের উপস্থিতি জানান দিতে পারেন।
এরপর ‘দ্য গ্রেট গ্যাম্বলার’, ‘দোস্তানা’, ‘ধরম বীর’, ‘লাওয়ারিস’সহ একের পর এক জনপ্রিয় ছবিতে অভিনয় করেন তিনি।
১৯৮০ সালে মুক্তি পাওয়া ফিরোজ খানের ‘কুরবানি’ তাঁর ক্যারিয়ারের আরেকটি উল্লেখযোগ্য সিনেমা। ছবিতে ফিরোজ খান ও বিনোদ খান্নার সঙ্গে অভিনয় করেন জিনাত। ছবির গান ‘আপ জ্যায়সা কোই’ ব্যাপক জনপ্রিয়তা পায়। গানটির সঙ্গে জিনাতের আবেদনময়ী উপস্থিতি তাঁকে আরও জনপ্রিয় করে তোলে।
একই বছর ‘ইনসাফ কা তারাজু’ ছবিতেও অভিনয় করেন তিনি। এই ছবিতে যৌন সহিংসতার শিকার ভারতী চরিত্রে তাঁর অভিনয় ছিল আগের গ্ল্যামারাস চরিত্রগুলোর চেয়ে সম্পূর্ণ আলাদা। ধর্ষণের মতো কঠিন বিষয় নিয়ে নির্মিত ছবিতে তাঁর অভিনয় দর্শকদের আলোচনায় আসে। এই ছবির জন্য ফিল্মফেয়ারে সেরা অভিনেত্রীর মনোনয়নও পেয়েছিলেন।
জিনাতের অভিনয়জীবনের এই দিকটি অনেক সময় তাঁর সাহসী পোশাকের আলোচনায় চাপা পড়ে যায়। অথচ তাঁর চরিত্র নির্বাচনের বৈচিত্র্যই তাঁকে সমসাময়িক অনেক অভিনেত্রীর চেয়ে আলাদা করেছিল।
‘সেক্স সিম্বল’ পরিচয়ের আড়ালে চাপা পড়েছিল অভিনয়
জিনাত আমানের জনপ্রিয়তার অন্যতম কারণ ছিল তাঁর সৌন্দর্য ও গ্ল্যামার। কিন্তু এই পরিচয়ই একসময় তাঁর জন্য হয়ে ওঠে সীমাবদ্ধতা।
২০২৬ সালের জুনে শুব্রা আইয়াপ্পার ইউটিউব চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ার নিয়ে খোলামেলা কথা বলেন তিনি। জানান, পর্দায় তাঁকে যেভাবে উপস্থাপন করা হতো, বাস্তব জীবনের ব্যক্তিত্বের সঙ্গে তার অনেক পার্থক্য ছিল।
তাঁর অভিযোগ, সত্তরের দশকে অনেক নির্মাতার আগ্রহ ছিল তাঁর শরীরী সৌন্দর্যকে পর্দায় তুলে ধরার দিকে। শুধু তা-ই নয়, কিছু ছবিতে আরও খোলামেলা পোশাক, বেশি শরীর প্রদর্শনের জন্য প্রযোজনা পক্ষ থেকে চাপ দেওয়া হতো।
জিনাতের এই বক্তব্য বলিউডের সত্তরের দশকের নারী উপস্থাপনা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। যে অভিনেত্রীকে দর্শক স্বাধীনচেতা নারীর প্রতীক মনে করেছেন, শিল্পের ভেতরে তাঁকেও অনেক সময় শরীরী সৌন্দর্যের খাঁচায় আটকে রাখা হয়েছিল।
সঞ্জয় খানের সঙ্গে সম্পর্ক ও সেই রহস্যময় ঘটনা
জিনাত আমানের ব্যক্তিজীবনও একসময় বলিউডের সংবাদমাধ্যমের আলোচনার বড় বিষয় হয়ে উঠেছিল। বিশেষ করে অভিনেতা ও নির্মাতা সঞ্জয় খানের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল অত্যন্ত আলোচিত।
সত্তরের দশকের শেষ দিকে তাঁদের ঘনিষ্ঠতা তৈরি হয়। ১৯৭৮ সালে বিয়েও করেন তাঁরা। কিন্তু সেই সংসার দীর্ঘস্থায়ী হয়নি। পরবর্তী সময়ে তাঁদের সম্পর্ক ভেঙে যায়।
এ সম্পর্কের সবচেয়ে আলোচিত অধ্যায় ১৯৭৯ সালের একটি ঘটনা। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন ও পরবর্তী সময়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য অনুযায়ী, একটি হোটেলে সঞ্জয় খানের সঙ্গে জিনাতের তীব্র বিবাদ হয়েছিল। অভিযোগ ওঠে, সেখানে সঞ্জয় খান তাঁকে শারীরিকভাবে আঘাত করেছিলেন। এর ফলে তাঁর চোখে গুরুতর সমস্যা তৈরি হয়েছিল বলে পরবর্তী সময়ে জিনাত নিজেই জানিয়েছেন।
ঘটনাটি নিয়ে দীর্ঘদিন ধরে বলিউডে নানা আলোচনা হয়েছে। তবে সঞ্জয় খান অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, ঘটনাটির একপক্ষীয় বর্ণনা প্রচার করা হয়েছে এবং এটি তাঁর বিরুদ্ধে পরিকল্পিত প্রচারণার অংশ ছিল।
ঘটনাটির সব বিবরণ নিয়ে বিতর্ক থাকলেও জিনাতের নিজের বক্তব্যে উঠে এসেছে সেই সময়ের শারীরিক ও মানসিক যন্ত্রণার কথা। কয়েক দশক পর চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতিতে চোখের সমস্যার উন্নতি সম্ভব হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
একসময় বলিউডের সবচেয়ে আকর্ষণীয় অভিনেত্রীদের একজন ছিলেন জিনাত। অথচ তাঁর ব্যক্তিগত জীবনের এই অধ্যায় তাঁকে দীর্ঘদিন আলোচনার কেন্দ্রে রেখেছিল।
মাজহার খানের সঙ্গে সংসার, দুই সন্তান ও জীবনের কঠিন সময়
১৯৮৫ সালে অভিনেতা মাজহার খানকে বিয়ে করেন জিনাত আমান। তাঁদের দুই ছেলে—আজান ও জাহান। বিয়ের পর ধীরে ধীরে অভিনয় থেকে দূরে সরে যেতে থাকেন তিনি।

তবে এই সংসারও সুখের হয়নি। বিভিন্ন সময়ে জিনাত জানিয়েছেন, তাঁদের দাম্পত্য জীবনে নানা জটিলতা ছিল। সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করতে গিয়ে নিজের জীবনের অনেকটা সময় কঠিন পরিস্থিতির মধ্যে কাটাতে হয়েছে তাঁকে।
১৯৯৮ সালে মাজহার খানের মৃত্যু হয়। তাঁদের দাম্পত্যের শেষ সময় নিয়েও সংবাদমাধ্যমে নানা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। মাজহারের মৃত্যুর পর তাঁর পরিবারের সঙ্গে জিনাতের সম্পর্ক নিয়েও তিক্ততার কথা সামনে আসে।
২০২৬ সালের সেপ্টেম্বরেও নিজের পুরোনো সম্পর্ক নিয়ে কথা বলেছেন এই অভিনেত্রী। তাঁর উপলব্ধি, কাউকে ভালোবাসার অর্থ নিজের অস্তিত্ব বিসর্জন দেওয়া নয়। অন্য একজনকে বদলে দেওয়ার চেষ্টা করতে গিয়ে নিজেকে ধ্বংস করা যায় না।

পর্দা থেকে দূরে, আবার ফিরে আসা
আশির দশকের মাঝামাঝি থেকে জিনাতের অভিনয়জীবনে ভাটা পড়ে। ব্যক্তিগত জীবন ও সংসারের কারণে নিয়মিত সিনেমায় কাজ করা কমিয়ে দেন। এরপর ১৯৯৯ সালে ‘ভোপাল এক্সপ্রেস’ দিয়ে আবার অভিনয়ে ফেরেন।
২০০৩ সালে বুম ছবিতে অমিতাভ বচ্চন ও ক্যাটরিনা কাইফের সঙ্গে অভিনয় করেন। ছবিটি বাণিজ্যিকভাবে খুব একটা সফল না হলেও জিনাতের উপস্থিতি ছিল আলোচনায়।
পরবর্তী সময়ে ‘আঁখোঁ কি শর্ম’, ‘চৌরাহেঁ’, ‘স্ট্রিংস অব প্যাশন’, ‘দিল তো দিওয়ানা হ্যায়’ ও ‘পানিপথ’সহ বেশ কিছু ছবিতে কাজ করেছেন। তবে সত্তরের দশকের মতো নিয়মিত মূলধারার নায়িকার চরিত্রে তাঁকে আর দেখা যায়নি।
ইনস্টাগ্রামে নতুন প্রজন্মের তারকা
২০২৩ সালে ইনস্টাগ্রামে যোগ দেওয়ার পর জিনাত আমানের জীবনে যেন নতুন অধ্যায় শুরু হয়। তাঁর ছেলেদের উৎসাহে সামাজিক যোগাযোগমাধ্যমে আসেন তিনি। প্রথমে ভেবেছিলেন, সেখানে কীই-বা করবেন! কিন্তু অল্প সময়ের মধ্যেই তাঁর পোস্টগুলো জনপ্রিয় হয়ে ওঠে।
পুরোনো দিনের সিনেমার স্মৃতি, সহশিল্পীদের সঙ্গে কাজের অভিজ্ঞতা, ব্যক্তিগত জীবনের গল্প, সম্পর্ক, বয়স, নারী স্বাধীনতা—সবকিছু নিয়েই লিখতে শুরু করেন তিনি।
তাঁর লেখার বিশেষত্ব হলো, সেখানে অতীতের গ্ল্যামার দেখানোর চেয়ে জীবনের অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার প্রবণতা বেশি। কখনো কোনো পুরোনো ছবির গল্প বলেন, কখনো নিজের ভুলের কথা স্বীকার করেন, কখনো তরুণ প্রজন্মকে সম্পর্ক নিয়ে পরামর্শ দেন।
এ কারণেই নতুন প্রজন্মের কাছেও জিনাত আমান জনপ্রিয় হয়ে উঠেছেন। অনেক তরুণ-তরুণী তাঁর পুরোনো সিনেমা না দেখেও ইনস্টাগ্রামের মাধ্যমে তাঁকে চিনেছেন।
২০২৬ সালের আগস্টে নিজের ৭৫তম জন্মদিনের আগে দেওয়া এক সাক্ষাৎকারে জিনাত বলেছেন, বয়স বাড়াকে তিনি ব্যর্থতা মনে করেন না, বরং সৌভাগ্য হিসেবে দেখেন। তাঁর মতে, বয়স হওয়ার জন্য নারীদের কারও কাছে ক্ষমা চাইতে হবে না। বয়সের সঙ্গে এমন এক স্বাধীনতা আসে, যখন অন্যরা কী ভাবছে, তার চেয়ে নিজের কাছে নিজের মূল্য বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।
৭৫ বছরেও অভিনয়ে সক্রিয়
বয়স ৭৫ হলেও অভিনয় ছাড়ার কোনো পরিকল্পনা নেই জিনাতের। ২০২৫ সালে নেটফ্লিক্সের সিরিজ ‘দ্য রয়্যালস’-এ অভিনয় করে নতুন করে আলোচনায় আসেন তিনি। সিরিজে ভাগ্যশ্রী দেবী চরিত্রে দেখা গেছে তাঁকে। ভিন্ন প্রজন্মের অভিনেতাদের সঙ্গে কাজ করে আবারও প্রমাণ করেছেন, অভিনয়ের প্রতি তাঁর আগ্রহ এখনো অটুট।
এ ছাড়া ফারাজ আরিফ আনসারির ‘বান টিকি’ ছবিতেও অভিনয় করেছেন তিনি। ছবিতে তাঁর সঙ্গে আছেন শাবানা আজমি ও অভয় দেওল।
২০২৬ সালে ‘মারগাঁও: দ্য ক্লোজড ফাইল’ নামের প্রকল্পেও যুক্ত হয়েছেন জিনাত। আগস্টে এ ছবিতে নিজের চরিত্র সিলভিয়া সম্পর্কে কথা বলেছেন। তাঁকে এমন চরিত্রের প্রতি আকৃষ্ট হওয়ার কথা বলতে শোনা গেছে, যেসব চরিত্রের মধ্যে একাধিক স্তর ও ধূসর দিক রয়েছে।
অক্টোবরে রাজস্থানের জয়সালমিরে নতুন একটি প্রকল্পের শুটিংয়ের ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করেছেন তিনি। এ ছাড়া ‘দ্য রয়্যালস’ সিরিজের দ্বিতীয় মৌসুমেও তাঁর ফেরার কথা প্রকাশিত হয়েছে। তিনি বলেছেন, ৭৫ বছর বয়সে পৌঁছানো নিয়ে তাঁর কোনো অস্বস্তি নেই। ৪৫ বছর বয়সী দেখানোর চেষ্টা করারও প্রয়োজন বোধ করেন না। বরং বয়সের সঙ্গে যে অভিজ্ঞতা ও স্বাধীনতা আসে, সেটিকে উপভোগ করতে চান।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, হিন্দুস্তান টাইমস ও ইন্ডিয়া টুডে অবলম্বনে






