প্রখ্যাত বাংলাদেশি পদার্থবিজ্ঞানী অধ্যাপক এম জাহিদ হাসান ২০২৭ সালের ডেভিসন-জার্মার অ্যাটমিক অর সারফেস ফিজিকস পুরস্কার পেয়েছেন। যুক্তরাষ্ট্রের আমেরিকান ফিজিক্যাল সোসাইটি (এপিএস) তাঁকে এ পুরস্কারে ভূষিত করেছে। কোয়ান্টাম পদার্থে বিভিন্ন ধরনের টপোলজিক্যাল অবস্থা আবিষ্কার এবং আধুনিক সারফেস সায়েন্সের অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে গবেষণায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে এ সম্মাননা দেওয়া হচ্ছে।

জাহিদ হাসান যুক্তরাষ্ট্রের প্রিন্সটন ইউনিভার্সিটির পদার্থবিজ্ঞানের ইউজিন হিগিন্স অধ্যাপক। কোয়ান্টাম পদার্থের বিচিত্র বৈশিষ্ট্য ও সম্ভাবনা নিয়ে তাঁর গবেষণা আন্তর্জাতিকভাবে পরিচিত। বিশেষ করে টপোলজিক্যাল ইনসুলেটর ও ওয়েইল সেমিমেটালের মতো নতুন ধরনের কোয়ান্টাম পদার্থ আবিষ্কারে তাঁর গবেষণা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

প্রিন্সটন ইউনিভার্সিটির প্রকাশিত তথ্য অনুযায়ী, জাহিদ হাসানের গবেষণার অন্যতম গুরুত্বপূর্ণ অর্জন ত্রিমাত্রিক টপোলজিক্যাল ইনসুলেটর আবিষ্কার। এ ধরনের পদার্থের ভেতরের অংশ দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে না, অথচ এর পৃষ্ঠ দিয়ে বিদ্যুৎ সহজেই চলাচল করতে পারে। এমন বিশেষ বৈশিষ্ট্যের কারণে টপোলজিক্যাল ইনসুলেটর কোয়ান্টাম পদার্থবিজ্ঞানের গবেষণায় নতুন সম্ভাবনার দ্বার খুলেছে।

তাঁর গবেষণায় উঠে এসেছে ওয়েইল সেমিমেটাল নামের আরেক ধরনের কোয়ান্টাম পদার্থ। এতে ক্রিস্টালের ভেতরের ইলেকট্রনগুলো ভরহীন কণার মতো আচরণ করে। এসব কণাকে বলা হয় ওয়েইল ফার্মিয়ন। পদার্থবিজ্ঞানী হারমান ওয়েইল ১৯২৯ সালে তাত্ত্বিকভাবে এ ধরনের কণার ধারণা দিয়েছিলেন। জাহিদ হাসানের গবেষণায় ওয়েইল সেমিমেটালের আবিষ্কার কোয়ান্টাম পদার্থের নতুন একটি গবেষণাক্ষেত্রের সূচনা করে। ২০১৯ সালে এ আবিষ্কারসংক্রান্ত গবেষণার পেটেন্টও করা হয়। এর ফলে নতুন নতুন কোয়ান্টাম পদার্থ আবিষ্কার এবং কোয়ান্টাম বিজ্ঞান ও প্রকৌশলের বিভিন্ন ক্ষেত্রে গবেষণার সুযোগ তৈরি হয়েছে।

প্রিন্সটন ইউনিভার্সিটির পদার্থবিজ্ঞান বিভাগের প্রধান জেমস ওলসেন বলেছেন, অধ্যাপক হাসান বৈজ্ঞানিক সৃজনশীলতা ও উদ্ভাবনী ক্ষমতার মাধ্যমে এই মর্যাদাপূর্ণ পুরস্কারের মূল চেতনাকে ধারণ করেছেন। তাঁর যুগান্তকারী গবেষণার স্বীকৃতিতে বিভাগের সবাই আনন্দিত।

পুরস্কার পাওয়ার অনুভূতি জানিয়ে জাহিদ হাসান বলেন, এ পুরস্কারের দীর্ঘ ঐতিহ্যের অংশ হতে পেরে তিনি অত্যন্ত সম্মানিত বোধ করছেন। পুরস্কারটির নামকরণ করা হয়েছে পদার্থবিজ্ঞানী ক্লিনটন ডেভিসনের নামে। ডেভিসন ছিলেন তাঁর বৈজ্ঞানিক অনুপ্রেরণার অন্যতম উৎস। পরীক্ষামূলক কোয়ান্টাম পদার্থবিজ্ঞানের অন্যতম প্রতিষ্ঠাতা হিসেবেও ডেভিসন পরিচিত।

এম জাহিদ হাসানের জন্ম ও বেড়ে ওঠা ঢাকায়। উচ্চশিক্ষার জন্য তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। ইউনিভার্সিটি অব টেক্সাস অ্যাট অস্টিন থেকে পদার্থবিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে পদার্থবিজ্ঞানে স্নাতকোত্তর ও ফলিত পদার্থবিজ্ঞানে পিএইচডি করেন। পিএইচডি গবেষণার সময় তিনি যুক্তরাষ্ট্রের এসএলএসি ন্যাশনাল অ্যাক্সিলারেটর ল্যাবরেটরিতেও কাজ করেন।

২০০২ সালে প্রিন্সটন ইউনিভার্সিটিতে যোগ দেন জাহিদ হাসান। ২০১৭ সালে তাঁকে বিশ্ববিদ্যালয়টির ইউজিন হিগিন্স অধ্যাপক হিসেবে নিয়োগ দেওয়া হয়। ২০০৮ সাল থেকে তিনি প্রিন্সটন ইউনিভার্সিটির ল্যাবরেটরি ফর টপোলজিক্যাল কোয়ান্টাম ম্যাটার অ্যান্ড অ্যাডভান্সড স্পেকট্রোস্কপির প্রধান গবেষক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি প্রিন্সটন ম্যাটেরিয়ালস ইনস্টিটিউট ও প্রিন্সটন কোয়ান্টাম ইনিশিয়েটিভের সঙ্গেও যুক্ত তিনি।

এর আগে যুক্তরাষ্ট্রের জ্বালানি বিভাগের আর্নেস্ট অরল্যান্ডো লরেন্স পুরস্কার ও ডেভিড এ শার্লি পুরস্কারসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সম্মাননা পেয়েছেন জাহিদ হাসান। তিনি আমেরিকান ফিজিক্যাল সোসাইটি এবং আমেরিকান একাডেমি অব আর্টস অ্যান্ড সায়েন্সেসের ফেলো।

১৯৬৫ সালে প্রতিষ্ঠিত ডেভিসন-জার্মার পুরস্কার পারমাণবিক পদার্থবিজ্ঞান ও সারফেস ফিজিকসে গুরুত্বপূর্ণ গবেষণার স্বীকৃতি হিসেবে দেওয়া হয়। পুরস্কারটির নামকরণ করা হয়েছে পদার্থবিজ্ঞানী ক্লিনটন ডেভিসন ও লেস্টার জার্মারের নামে। ইলেকট্রনের বিচ্ছুরণ নিয়ে তাঁদের গবেষণা কোয়ান্টাম পদার্থবিজ্ঞানের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। এ পুরস্কারের অর্থমূল্য ৫ হাজার মার্কিন ডলার। বিশ্বের যেকোনো দেশের বিজ্ঞানী এ পুরস্কারের জন্য বিবেচিত হতে পারেন।

জাহিদ হাসানের আগে এ পুরস্কার পেয়েছেন বিশ্বের বেশ কয়েকজন খ্যাতিমান পদার্থবিজ্ঞানী। ২০২৬ সালে পুরস্কারটি পান হারম্যান বাটেলান। মুক্ত ইলেকট্রনের কোয়ান্টাম আলোকবিজ্ঞান নিয়ে গবেষণায় অবদানের জন্য তাঁকে এ সম্মাননা দেওয়া হয়। ২০২৫ সালে পুরস্কার পান গো-চিং ওয়াং। ইলেকট্রন বিচ্ছুরণ প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন পৃষ্ঠ, পদার্থের গঠন ও দ্বিমাত্রিক উপাদান নিয়ে গবেষণায় অবদানের জন্য তিনি পুরস্কারটি পান। ২০২৪ সালে এ পুরস্কার পেয়েছিলেন নোবেলজয়ী পদার্থবিজ্ঞানী অ্যান লুইলিয়ে। গ্যাসে উচ্চ হারমোনিক উৎপাদন এবং অতি দ্রুতগতির ইলেকট্রনগতিবিদ্যা পর্যবেক্ষণে অ্যাটোসেকেন্ড পালস তৈরির গবেষণায় অবদানের জন্য তাঁকে এ সম্মাননা দেওয়া হয়। ২০২৩ সালে পুরস্কারটি পেয়েছিলেন ফেং লিউ।