বারবার একই প্রশ্ন করায় সাংবাদিকের ওপর মেজাজ হারালেন পাকিস্তান কোচ
বাবর আজমের ফর্ম নিয়ে প্রশ্ন শুনতে শুনতে ধৈর্যের বাঁধ ভেঙেছে পাকিস্তানের প্রধান কোচ মাইক হেসনের।
শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে একই প্রশ্ন বারবার করায় সাংবাদিকদের ওপর বিরক্তি প্রকাশ করেন তিনি। বাবরকে নিয়ে আলোচনা বাদ দিয়ে পাকিস্তানের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন করার আহ্বানও জানান হেসন।
চলতি টেস্ট সিরিজে তিন ইনিংসে বাবরের রান ৯২। প্রথম টেস্টের দুই ইনিংসে করেছিলেন ৫০ ও ৩৪ রান। ম্যাচটি ড্র হয়। তবে রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে লাহিরু কুমারার বলে মাত্র ৮ রান করে আউট হন এই ব্যাটসম্যান। সব মিলিয়ে তিন ইনিংসে তাঁর গড় ৩০.৬৬।

বাবরের ফর্ম নিয়ে সমর্থকদের উদ্বেগের পাশাপাশি আগামী বছরের বিশ্বকাপের আগে তাঁর পারফরম্যান্স কেমন হবে, তা নিয়েও প্রশ্ন উঠছে। সংবাদ সম্মেলনে এ বিষয়ে বারবার প্রশ্নের মুখে হেসন বলেন, ‘সত্যি বলতে, এসব প্রশ্নে আমি বিরক্ত। প্রতিটি সংবাদ সম্মেলনেই আপনি একই প্রশ্ন করেন। টেস্ট ক্রিকেটে বাবরের গড় প্রায় ৫০। তাই তাকে নিয়ে আমরা মোটেও চিন্তিত নই। আগেরবার যে উত্তর দিয়েছিলাম, এবারও সেটাই বলব।’
এরপর সাংবাদিকদের একই প্রশ্ন না করে মাঠের ক্রিকেট নিয়ে আলোচনা করার অনুরোধ জানান পাকিস্তান কোচ। বলেন, ‘প্রতিবার একই প্রশ্ন করা বন্ধ করে আমরা কি চলমান ক্রিকেট নিয়ে কথা বলতে পারি? পাকিস্তান এখানে ভালো ক্রিকেট খেলছে। তাহলে সেটি নিয়েই আলোচনা শুরু করি না কেন? পরের প্রশ্ন, দয়া করে।’
বাবরকে নিয়ে আলোচনায় বিরক্ত হলেও মাঠে পাকিস্তানের পারফরম্যান্সে স্বস্তি পাওয়ার কারণ আছে হেসনের। রাওয়ালপিন্ডি টেস্টে শ্রীলঙ্কাকে প্রথম ইনিংসে মাত্র ৯৮ রানে অলআউট করে পাকিস্তান। জবাবে ৩২৫ রান করে ২২৭ রানের লিড নেয় স্বাগতিকেরা।






