বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ফ্যাসিবাদী শক্তি আবারও রক্তাক্ত লাশের ওপর দিয়ে ক্ষমতায় ফেরার চেষ্টা করছে। তিনি বলেন, গাড়িতে আগুন দেওয়া বা মানুষ হত্যা করে দেশের মানুষকে ঝুঁকিতে ফেলা কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ড হতে পারে না। যারা এসব করছে, তারা সন্ত্রাসী সংগঠন।

আজ বৃহস্পতিবার সকালে ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রার আগে দেওয়া বক্তব্যে রুহুল কবির রিজভী এ কথা বলেন।

বিগত সরকারের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, গুম, খুন ও ক্রসফায়ার রাষ্ট্রের চরিত্রে পরিণত হয়েছিল। ছাত্র-শিক্ষক, শ্রমিক ও জনতার আন্দোলনে সেই সরকারের পতনের পর মানুষের মনে স্বস্তি ফিরে এসেছে। পরাজিত শক্তি আবার পুরোনো কায়দায় মানুষ হত্যা, রক্তপাত, ককটেল হামলা ও গাড়িতে আগুন দিয়ে ক্ষমতায় ফিরতে চায়।

দেশে নতুন করে অস্থিতিশীলতা তৈরির ষড়যন্ত্র চলছে জানিয়ে রুহুল কবির রিজভী বলেন, কোনোভাবেই তাদের মাথা তুলে দাঁড়াতে দেওয়া যাবে না।

পাঠ্যপুস্তকে ইতিহাস বিকৃতি করা হয়েছিল জানিয়ে রুহুল কবির রিজভী বলেন, রাজনৈতিক পক্ষপাতের মাধ্যমে একটি নির্দিষ্ট দল ও তাঁর নেতার কাহিনি বড় করে দেখাতে গিয়ে প্রকৃত ইতিহাস আড়াল করা হয়েছে। নতুন প্রজন্মের কাছে সত্য আর বাস্তবতার ভিত্তিতে নিরপেক্ষ ইতিহাস তুলে ধরার আহ্বান জানান তিনি।

এ আয়োজনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম বলেন, দেশের গণতন্ত্রের যাত্রা বাধাগ্রস্ত করতে এবং রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করতে প্রতিবেশী দেশ থেকে আওয়ামী লীগ নানা ষড়যন্ত্র করছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা কলেজ ক্যাম্পাস থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এতে কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা–কর্মীরা অংশ নেন।