দেশে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আসা রোগীদের মধ্যে গত ২৪ ঘণ্টায় (গতকাল বুধবার সকাল থেকে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত) সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১ হাজার ২৩৫ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে। আর ৯৫ জনের হাম শনাক্ত হয়েছে। অর্থাৎ গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ ও হাম শনাক্ত হওয়া রোগীর সংখ্যা ১ হাজার ৩৩০।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে আজ সকাল ৮টা পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ২ লাখ ৫৩ হাজার ৪০৮ জন। আর এ সময়ে পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে ২৫ হাজার ৮৮১ জনের। দুই শ্রেণি মিলিয়ে রোগীর সংখ্যা ২ লাখ ৭৯ হাজার ২৮৯।
চলতি বছর হামের উপসর্গের রোগীদের মধ্যে ১ হাজার ২৩১ জনের মৃত্যু হয়েছে। আর নিশ্চিত হামের রোগীদের মধ্যে মারা গেছে ১০৫ জন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ১৩০ জন। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১ হাজার ১৫১ জন।
বিভাগভিত্তিক হিসাবে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী এসেছে ঢাকা বিভাগে। এ বিভাগে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ৫১২ জন। তাদের মধ্যে চারজনের মৃত্যু হয়েছে এবং ৫২ জনের হাম শনাক্ত হয়েছে। চট্টগ্রাম বিভাগে উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ২১১ জন; হাম শনাক্ত হয়েছে ১৫ জনের। সিলেট বিভাগে উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ১৬০ জন। এ বিভাগে তিনজনের মৃত্যু হয়েছে এবং ২৩ জনের হাম শনাক্ত হয়েছে।
১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আসা রোগীর সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা বিভাগে ১ লাখ ৫ হাজার ৩৩১ জন। এ বিভাগে হাম নিশ্চিত হয়েছে ১৬ হাজার ৭৩ জনের। চট্টগ্রাম বিভাগে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আসা রোগীর সংখ্যা ৫০ হাজার ৩১৬; হাম নিশ্চিত হয়েছে ৩ হাজার ৮০৬ জনের।
চলতি বছরের শুরু থেকে দেশের হামের প্রাদুর্ভাব শুরু হয়; কিন্তু সে সময় সরকার এর নিয়ন্ত্রণে কোনো উদ্যোগ নেয়নি। মার্চ মাসে প্রকোপ আরও বাড়তে থাকে। এপ্রিল মাসের মাঝামাঝি এসে সরকার দেশজুড়ে টিকাদান কর্মসূচি নেয়; কিন্তু সেই কর্মসূচিতে অন্তত ৪০ লাখ শিশু বাদ পড়ে যায়।
২০২৫ সালে অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা দেওয়ার ক্ষেত্রে বড় ধরনের গাফিলতি হয়। দেশের এবারের হামের ভয়াবহ সংক্রমণে এর ভূমিকাই বেশি। দেশের ইতিহাসে হামে এত সংক্রমণ ও মৃত্যু কোনোটিই হয়নি এর আগে।






