পাসওয়ার্ড ব্যবস্থাপনা প্রতিষ্ঠান নর্ডপাসের ২০২৬ সালের বার্ষিক তথ্য ফাঁস বিশ্লেষণ প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। সর্বশেষ তথ্য অনুযায়ী, পাসওয়ার্ডটি ৭২ লাখেরও বেশিবার ব্যবহার করা হয়েছে।
অনলাইনে নিরাপত্তার জন্য আমরা পাসওয়ার্ড ব্যবহার করি প্রায় প্রতিদিনই। ই-মেইল, সামাজিক যোগাযোগমাধ্যম, ব্যাংকিং অ্যাপ থেকে শুরু করে অনলাইন কেনাকাটা, সবখানেই পাসওয়ার্ড আমাদের ব্যক্তিগত তথ্যের সুরক্ষাকবচ। অথচ এই পাসওয়ার্ড বাছাইয়ের ক্ষেত্রেই অনেকের অসতর্কতা চোখে পড়ে। সহজে মনে রাখার সুবিধার জন্য অনেকে ব্যবহার করেন ‘123456’-এর মতো নম্বরের কম্বিনেশন। আর সেটিই বেশ কয়েক বছর ধরে বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত পাসওয়ার্ড।

পাসওয়ার্ড ব্যবস্থাপনা প্রতিষ্ঠান নর্ডপাসের ২০২৬ সালের বার্ষিক তথ্য ফাঁস বিশ্লেষণ প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। গত আট বছরে প্রতিষ্ঠানটি আটবার বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত পাসওয়ার্ডের তালিকা প্রকাশ করেছে। এর মধ্যে সাত বছরই শীর্ষে ছিল ‘123456’। সর্বশেষ তথ্য অনুযায়ী, পাসওয়ার্ডটি ৭২ লাখেরও বেশিবার ব্যবহার করা হয়েছে।
শীর্ষে সেই পুরোনো পাসওয়ার্ড
প্রতিবেদন অনুযায়ী, সবচেয়ে বেশি ব্যবহৃত পাসওয়ার্ডের তালিকায় শীর্ষ তিনটি জায়গায় খুব একটা পরিবর্তন আসেনি। ‘123456’-এর পরের অবস্থানে রয়েছে ‘admin’ এবং ‘12345678’। এ ছাড়া ‘123456789’, ‘1234’ এবং ‘password’-এর মতো সহজে অনুমান করা যায় এমন পাসওয়ার্ডও ব্যবহার করছেন অনেকে।

বিষয়টি উদ্বেগজনক। কারণ, সাইবার অপরাধীদের কাছে এ ধরনের পাসওয়ার্ড ভাঙা তুলনামূলক সহজ। তারা সাধারণত বহুল ব্যবহৃত শব্দ, সংখ্যার ধারাবাহিকতা এবং পরিচিত পাসওয়ার্ডের সমন্বয় দিয়ে বিভিন্ন অ্যাকাউন্টে প্রবেশের চেষ্টা করে।
পপ কালচারের প্রভাবও পাসওয়ার্ডে
পাসওয়ার্ড নির্বাচনে জনপ্রিয় সংস্কৃতির প্রভাবও দেখা যাচ্ছে। মিম, অনলাইন গেম কিংবা জনপ্রিয় তারকাদের নাম থেকে অনেকে পাসওয়ার্ড তৈরি করছেন। প্রতিবেদনে ‘Lebron0319’, ‘roblox.com1’ এবং ‘skibiditoilet’-এর মতো পাসওয়ার্ডের উদাহরণ দেওয়া হয়েছে।

এসব শব্দ বা নাম ব্যক্তিগত পছন্দের সঙ্গে সম্পর্কিত হলেও নিরাপত্তার দিক থেকে খুব একটা কার্যকর নয়। কারণ, জনপ্রিয় সংস্কৃতির সঙ্গে যুক্ত শব্দগুলো সহজেই অনুমান করা যায়। সাইবার অপরাধীরা এসব পরিচিত শব্দ ও প্রবণতাকে কাজে লাগিয়ে পাসওয়ার্ড ভাঙার চেষ্টা করে।
দ্য রেজিস্টার ও মিডিয়াস্যাটের প্রতিবেদনে বলা হয়েছে, সাইবার অপরাধীরা সহজে অনুমান করা যায় এমন পাসওয়ার্ড এবং সময়ের সঙ্গে জনপ্রিয় হয়ে ওঠা শব্দ ও সংখ্যার সমন্বয় দ্রুত তাদের আক্রমণের তালিকায় যুক্ত করে। ফলে সাময়িকভাবে জনপ্রিয় কোনো শব্দ বা বাক্যাংশ পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করাও ঝুঁকিপূর্ণ হতে পারে।

পাসওয়ার্ড নিরাপদ রাখবেন যেভাবে
অনলাইন অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে প্রথমেই দরকার শক্তিশালী ও স্বতন্ত্র পাসওয়ার্ড। নিরাপত্তা বিশেষজ্ঞদের পরামর্শ, পাসওয়ার্ড অন্তত ১৫ অক্ষরের হওয়া ভালো। এতে বড় ও ছোট হাতের অক্ষর, সংখ্যা এবং বিশেষ চিহ্নের মিশ্রণ রাখা যেতে পারে। জন্মতারিখ, নিজের নাম, ফোন নম্বর কিংবা পরিচিত কোনো শব্দ পাসওয়ার্ড হিসেবে ব্যবহার না করাই ভালো।
একই পাসওয়ার্ড একাধিক অ্যাকাউন্টে ব্যবহার করাও বিপজ্জনক। কোনো একটি ওয়েবসাইট থেকে পাসওয়ার্ড ফাঁস হলে অন্য অ্যাকাউন্টগুলোও ঝুঁকিতে পড়তে পারে। তাই প্রতিটি অ্যাকাউন্টের জন্য আলাদা পাসওয়ার্ড রাখা জরুরি।
পাশাপাশি চালু রাখা উচিত মাল্টি-ফ্যাক্টর অথেনটিকেশন বা এমএফএ। এতে পাসওয়ার্ড জানার পরও কেউ সহজে অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবে না। কারণ, লগইনের জন্য পাসওয়ার্ডের পাশাপাশি আরও একটি যাচাইয়ের ধাপ পার হতে হবে। এ ক্ষেত্রে অথেনটিকেটর অ্যাপ বা বায়োমেট্রিক পদ্ধতি ব্যবহার করা যায়।
পাসওয়ার্ড মনে রাখা কঠিন হলে সাহায্য নিতে পারেন পাসওয়ার্ড ম্যানেজারের। এটি আলাদা আলাদা শক্তিশালী পাসওয়ার্ড তৈরি ও নিরাপদে সংরক্ষণ করতে পারে। আর যেসব প্ল্যাটফর্মে পাস-কির সুবিধা রয়েছে, সেখানে পাস-কি ব্যবহার করাও ভালো বিকল্প।

সহজ পাসওয়ার্ড মনে রাখা সুবিধাজনক, কিন্তু সেই সুবিধাই আপনার ব্যক্তিগত তথ্যের নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলতে পারে। তাই ‘123456’-এর মতো পাসওয়ার্ড থেকে বেরিয়ে আসার সময় এখনই। অনলাইনে নিরাপদ থাকতে প্রথম পদক্ষেপটি হতে পারে নিজের পাসওয়ার্ড বদলে ফেলা।
সূত্র: দ্য রেজিস্টার, সি নেট
ছবি: পেক্সেলস






