চলমান সহিংস পরিস্থিতির মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে মাঠে নামার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ২৩ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত রাজধানী ঢাকাসহ দেশের সব জেলা ও মহানগরে ধারাবাহিক বিক্ষোভ ও প্রতিবাদ সভা করবে দলটি। এসব কর্মসূচি হবে ‘গণহত্যাকারী সংগঠন আওয়ামী লীগের বিচার, শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর করা, গণহত্যাকারীদের বিচার ত্বরান্বিত করা এবং গঙ্গা চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায়ের দাবিতে’। দলীয় কর্মসূচির পাশাপাশি জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের কর্মসূচিতেও অংশ নেবেন এনসিপির নেতা–কর্মীরা।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে দলীয় কার্যালয়ে এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক শেষে সংবাদ সম্মেলনে দলের সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন এই কর্মসূচির কথা জানান। তিনি বলেন, ‘পতিত ফ্যাসিবাদী শক্তি আওয়ামী লীগ এবং তাদের দোসরেরা যাতে বাংলাদেশে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, তার জন্য বাংলাদেশের সব জনতাকে সঙ্গে নিয়ে রাজপথ দখলে রাখতে সক্রিয় থাকবেন এনসিপির প্রতিটি নেতা-কর্মী।’
জুলাই গণ–অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে অনলাইনে কার্যক্রম নিষিদ্ধ দলটির ঘোষিত কর্মসূচি ঘিরে দেশে চলমান অস্থিরতার মধ্যে বৃহস্পতিবার বিকেলে জরুরি বৈঠকে বসে এনসিপির রাজনৈতিক পর্ষদ। বৈঠকে ভার্চ্যুয়ালি যুক্ত হন যুক্তরাজ্য সফরে থাকা দলের আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
বৈঠকের পর বাংলামোটরের রূপায়ণ ট্রেড সেন্টারের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন দলের সদস্যসচিব আখতার হোসেন। তিনি বলেন, ‘আওয়ামী লীগের সন্ত্রাস, জঙ্গিপনা, অগ্নিসন্ত্রাসসহ সামগ্রিক পরিস্থিতিতে এনসিপির রাজনৈতিক পর্ষদের সভা বসেছিল। সেই সভায় আমরা সিদ্ধান্ত নিয়েছি, গণহত্যাকারী সংগঠন আওয়ামী লীগের বিচার, শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর করা, গণহত্যাকারীদের বিচার ত্বরান্বিত করা এবং গঙ্গা চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায়ের দাবিতে চলতি মাসসহ ডিসেম্বরব্যাপী এনসিপি সারা দেশের সব জেলা ও মহানগর ইউনিটে ধারাবাহিকভাবে বিক্ষোভ কর্মসূচি ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে।’
এর পাশাপাশি দলের নিয়মিত কার্যক্রম, বিভিন্ন দিবসকেন্দ্রিক কর্মসূচিও পালন করবে এনসিপি। আখতার বলেন, এনসিপির এসব কর্মসূচিতে দেশে চলমান সন্ত্রাসের প্রতিবাদ যেমন থাকবে, একই সঙ্গে বিচারের দাবি জানানো হবে। পাশাপাশি এনসিপি যে পাঁচ দফা কর্মসূচি নিয়ে বিভিন্ন সময়ে রাজপথে হাজির ছিল, সেই বিষয়গুলো নিয়ে বক্তব্য উপস্থাপন করা হবে। দলের শীর্ষ নেতারা সারা দেশের এসব কর্মসূচিতে উপস্থিত থাকবেন। দলীয় কর্মসূচির পাশাপাশি ১১ দলের কর্মসূচিতেও এনসিপির অংশগ্রহণ থাকবে।
এ সময় আওয়ামী লীগ প্রশ্নে ভারতের ভূমিকার কড়া সমালোচনা করেন এনসিপির সদস্যসচিব। তিনি বলেন, ‘আওয়ামী লীগের সন্ত্রাসীরা ভারতে থেকে ভারতের মাটি ব্যবহার করে সেখান থেকে প্রশিক্ষণ নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে উসকানি দিয়ে এই দেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। ভারত সরকার ৫ আগস্টের পর গণহত্যাকারী শেখ হাসিনাকে আশ্রয়-প্রশ্রয় দিয়েছে। শুধু শেখ হাসিনা না, আওয়ামী লীগের হাজার হাজার সন্ত্রাসী-জঙ্গিকে ভারতের মাটি ব্যবহার করে বাংলাদেশে সন্ত্রাস ও জঙ্গিবাদ উসকে দেওয়ার সুযোগ করে দিয়েছে ভারতের সরকার।’
দল হিসেবে আওয়ামী লীগের বিচার দাবি করেছেন আখতার। তিনি বলেন, তাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের জায়গাটা শুধু নয়, তাদের বাংলাদেশে নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা দিতে হবে।
ঐক্যের আহ্বান ইতিবাচক, তবে...
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আওয়ামী লীগের বিরুদ্ধে যে ঐক্যের ডাক দিয়েছেন, সে বিষয়ে সংবাদ সম্মেলনে এনসিপির অবস্থান জানতে চান সাংবাদিকেরা। জবাবে আখতার হোসেন বলেন, ‘সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো ঐক্যে এনসিপি অংশগ্রহণ করবে। মাননীয় প্রধানমন্ত্রী সংসদে যে ঐক্যের কথা বলেছেন, সেটাকে আমরা এক ইতিবাচক জায়গা থেকে দেখি। কিন্তু সেই ঐক্যের ভিত্তিটা কী হবে?’
জুলাই গণহত্যার বিচারের কার্যক্রমটা কত দূর পর্যন্ত যাবে, আওয়ামী লীগকে নানাভাবে নরমালাইজ করা বা তাদের পুনর্মিলনের যে আলাপ বিভিন্ন জায়গা থেকে পাওয়া গেছে, সেই জায়গাগুলোতে সরকারের বক্তব্য কী হবে, সংস্কারের যে এজেন্ডাগুলো বাংলাদেশের মানুষ গণভোটের মধ্য দিয়ে দিয়েছিল, সেই জায়গাগুলো কোথায় পর্যবসিত হবে এবং সামগ্রিকভাবে এই ঐক্যের ধারাবাহিকতা থাকবে কি না—এসব বিষয় সরকারের পক্ষ থেকে পরিষ্কার হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন আখতার। তিনি বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্য আছে। সেটাকে রাজপথে আরও সক্রিয় ও পুনর্বিন্যস্ত করতে হলে অবশ্যই সরকারের পক্ষ থেকে এই প্রশ্নগুলোর সুরাহা হতে হবে।
সংবাদ সম্মেলনে এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য নাসীরুদ্দীন পাটওয়ারী, হাসনাত আবদুল্লাহ, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, সারোয়ার তুষার, আতিক মুজাহিদ, আলী আহসান জুনায়েদ, আকরাম হুসাইন, সালেহ উদ্দিন সিফাত প্রমুখ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।






