৭৫ বছর বয়সেও পর্দায় রজনীকান্তের দাপট একটুও কমেনি। তাঁর হাঁটাচলা, চোখের চাহনি, সংলাপ বলার ধরন কিংবা সামান্য বিরতি—সবকিছুতেই দর্শককে মাতিয়ে রাখার ক্ষমতা আছে। সেই ক্যারিশমার ওপর ভর করেই আবার পর্দায় ফিরেছেন টাইগার মুথুভেল পান্ডিয়ান। ২০২৩ সালের ব্লকবাস্টার ‘জেলার’-এর সিক্যুয়েল ‘জেলার ২’ নিয়ে প্রত্যাশা ছিল অনেক। পরিচালক নেলসন দিলীপকুমার সেই প্রত্যাশার অনেকটাই পূরণ করেছেন। তবে প্রথমার্ধের দুর্দান্ত হাস্যরস আর জমজমাট বিনোদনের পর দ্বিতীয়ার্ধে এসে গল্প কিছুটা পথ হারিয়েছে। বক্স অফিসে রেকর্ড ৮০০ কোটি ব্যবসা করা সিনেমাটি এবার এসেছে ওটিটিতে।
প্রথম সিনেমায় সাবেক কারারক্ষী মুথুভেল পান্ডিয়ানকে (রজনীকান্ত) দেখা গিয়েছিল মূর্তি পাচারকারী একটি অপরাধী চক্রের বিরুদ্ধে লড়তে। নতুন সিনেমায় তিনি অতীতের সহিংস জীবন থেকে দূরে সরে ছোট্ট এক শহরে সাধারণ মানুষের মতো জীবন কাটাতে চান। কাজ নেন সুপারমার্কেটের তত্ত্বাবধায়ক হিসেবে। কিন্তু অতীত কি এত সহজে পিছু ছাড়ে? স্থানীয় এক কর্মকর্তার সঙ্গে ঝামেলায় জড়িয়ে আবারও প্রকাশ পেতে থাকে তাঁর অন্য পরিচয়। একপর্যায়ে স্থানীয় ডন মূর্তির গাড়িচালক হিসেবে কাজ শুরু করেন তিনি। অন্যদিকে মূর্তি পাচারকারী চক্রের সদস্যরা তাদের নেতার মৃত্যুর জন্য দায়ী ব্যক্তিকে খুঁজতে মরিয়া। এই সূত্র ধরেই নতুন করে সংঘাতের মুখোমুখি হন মুথুভেল।

গল্পের কাঠামো খুব একটা নতুন নয়। অপরাধী চক্রের ক্ষমতার শীর্ষে থাকা ব্যক্তিদের খুঁজে বের করা, তাদের সঙ্গে সংঘাত এবং একের পর এক বাধা পেরিয়ে নায়কের এগিয়ে যাওয়া—বাণিজ্যিক অ্যাকশন সিনেমায় পরিচিত ছক। তবে নেলসনের কৃতিত্ব গল্পের চেয়ে দৃশ্য নির্মাণে। পরিচিত গল্পকেও তিনি ছোট ছোট অদ্ভুতুড়ে ঘটনা, বিচিত্র চরিত্র আর ডার্ক হিউমার দিয়ে উপভোগ্য করে তোলেন।
সিনেমার প্রথমার্ধ এদিক থেকে বেশ উপভোগ্য। মুথুভেলকে প্রথমে নিরীহ, ভীতু কিংবা সাধারণ মানুষ হিসেবে দেখানো হয়। কিন্তু পরিস্থিতি বদলালেই তাঁর ভেতর থেকে বেরিয়ে আসে ভয়ংকর টাইগার। এই রূপান্তরের দৃশ্যগুলোয় নেলসনের নিজস্ব নির্মাণশৈলীর ছাপ স্পষ্ট। বিশেষ করে গাড়ির ভেতর থেকে তাঁর পুরোনো পরিচয়ের প্রকাশ এবং চারপাশের চরিত্রগুলোর প্রতিক্রিয়া মিলিয়ে তৈরি দৃশ্যগুলোয় হাস্যরস ও অ্যাকশনের চমৎকার মিশেল রয়েছে।
একনজরেসিনেমা: ‘জেলার ২’ধরন: অ্যাকশন-থ্রিলারপরিচালনা: নেলসন দিলীপকুমারঅভিনয়: রজনীকান্ত, রজনীকান্ত, এস জে সূর্য, রম্যা কৃষ্ণন, যোগী বাবু, মোহনলাল, বিদ্যা বালান ও হৃতিক রোশনস্ট্রিমিং: অ্যামাজন প্রাইম ভিডিওদৈর্ঘ্য: ২ ঘণ্টা ৪৫ মিনিট
নেলসনের সিনেমায় পার্শ্বচরিত্রগুলোও গুরুত্বপূর্ণ। ‘জেলার ২’-এ–ও তার ব্যতিক্রম হয়নি। এমনকি কয়েকটি সংলাপ বলা নামহীন চরিত্রও গল্পে আলাদা মাত্রা যোগ করেছে। সুরজ ভেঞ্জারামুডুর দিলীপ কিংবা নামো নারায়ণনের মূর্তি চরিত্রটি দর্শককে হাসাবে। যোগী বাবুও নিজের জায়গা থেকে ভালো করেছেন। মজার ব্যাপার হলো, অনেক দৃশ্যে রজনীকান্ত নিজে হাস্যরসের কেন্দ্র না হয়ে অন্যদের জন্য জায়গা ছেড়ে দিয়েছেন। কখনো তাঁকে ঘিরেই অন্য চরিত্রের কৌতুক, কখনো তিনি নির্বিকার দর্শক। এই বুদ্ধিদীপ্ত ব্যবহার সিনেমাটিকে আলাদা করেছে।

তবে বিরতির পর গল্পের ধরন বদলে যায়। সংঘাতের পরিসর বাড়ে, নতুন নতুন চরিত্রের আগমন ঘটে। তামিলনাড়ু ও কেরালা থেকে গল্পের পটভূমি বিস্তৃত হয় গোয়া পর্যন্ত। শত্রুপক্ষের ক্ষমতাধর ব্যক্তিদের সঙ্গে মুথুভেলের লড়াই আরও বড় আকার নেয়। এস জে সূর্যর বোদি কালপাক চরিত্রটি নিজের চেনা অদ্ভুতুড়ে অভিনয় দিয়ে গল্পে ভিন্নমাত্রা যোগ করেছেন। নেতিবাচক চরিত্রে সূরজ ভেঞ্জারামুডুও বেশ শক্তিশালী।
এবারের সিনেমার অন্যতম আকর্ষণ নতুন তারকাদের উপস্থিতি। বিদ্যা বালানকে নেতিবাচক চরিত্রে দেখা গেছে। চরিত্রটির সম্ভাবনা থাকলেও তাঁকে আরও বেশি পরিসর দেওয়া যেত। এ ছাড়া আছেন মিঠুন চক্রবর্তী, মোহনলাল, শিবরাজকুমার, বিজয় সেতুপতি ও হৃতিক রোশন। তাঁদের উপস্থিতি সিনেমাটিকে বড় আয়োজনের বাণিজ্যিক ছবির চেহারা দিয়েছে। তবে সব অতিথি চরিত্রই যে গল্পের জন্য অপরিহার্য, তা নয়।
কোথাও কোথাও মনে হয়েছে, কেবল তারকাদের উপস্থিতি দিয়ে দৃশ্যের গুরুত্ব বাড়ানোর চেষ্টা করা হয়েছে। প্রথম ‘জেলার’-এ অতিথি চরিত্রগুলো গল্পের সঙ্গে বেশ স্বাভাবিকভাবে মিশে গিয়েছিল। সিক্যুয়েলে সেই স্বতঃস্ফূর্ততা কিছুটা কম।

সিনেমার সবচেয়ে বড় দুর্বলতা দ্বিতীয়ার্ধের চিত্রনাট্য। প্রথম ভাগে যে ডার্ক কমেডি, অদ্ভুত পরিস্থিতি আর হালকা মেজাজ দর্শককে আকৃষ্ট করে, পরে গিয়ে সেই সিনেমাই হঠাৎ গুরুগম্ভীর হয়ে ওঠে। পরিবারের প্রতি ভালোবাসা, প্রিয়জনকে রক্ষার জন্য যেকোনো সীমা অতিক্রম করার মানসিকতা—এসব বিষয় সামনে আনার চেষ্টা করেছেন পরিচালক। মুথুভেলের পরিবারের সঙ্গে প্রতিপক্ষের পরিবারের মূল্যবোধের মিলও দেখানো হয়েছে। কিন্তু এতক্ষণ ধরে যে সিনেমা হাস্যরস আর অ্যাকশনের মধ্য দিয়ে এগিয়েছে, সেখানে হঠাৎ আবেগের ভার চাপিয়ে দেওয়ায় বিষয়গুলো যথাযথ গুরুত্ব পায়নি।
বিশেষ করে ছেলের মৃত্যুর শোক ও সেই বাস্তবতা মেনে নেওয়ার বিষয়টি আরও গভীরভাবে তুলে ধরার সুযোগ ছিল। কিন্তু গুরুত্বপূর্ণ এই প্রসঙ্গটি অনেকটা তাড়াহুড়ো করে শেষ করা হয়েছে। পারিবারিক ভালোবাসার গল্প শেষ পর্যন্ত পরিবারের সদস্যদের অপহরণ করে প্রতিপক্ষকে চাপে ফেলার চেনা কৌশলে আটকে যায়। ফলে গল্পের আবেগ দর্শকের মনে খুব বেশি দাগ কাটতে পারে না। একই ধরনের সংঘাত ও অ্যাকশন দৃশ্য বারবার ফিরে আসায় দ্বিতীয়ার্ধে কিছুটা ক্লান্তিও আসে।
নেলসনের নির্মাণশৈলীর সীমাবদ্ধতাও স্পষ্ট। তাঁর ডার্ক কমেডি আর অদ্ভুত চরিত্র বেশ উপভোগ্য। কিন্তু সেই জগৎ থেকে সিরিয়াস আবেগের জায়গায় যেতে গিয়ে তিনি সব সময় সফল হন না। ‘জেলার ২’-এর ক্ষেত্রেও সেটি ঘটেছে। প্রথমার্ধের যে উন্মাদনা মুগ্ধ করে, দ্বিতীয়ার্ধে তার অনেকটাই হারিয়ে যায়।

সিনেমাটির কারিগরি দিক এই দুর্বলতা সামাল দেওয়ার যথাসাধ্য চেষ্টা করেছে। অনিরুদ্ধ রবিচন্দরের আবহসংগীত অন্যতম শক্তি। রজনীকান্তের পর্দায় উপস্থিতি, অ্যাকশন কিংবা সংলাপ—সবকিছুকে বাড়তি মাত্রা দিয়েছে তাঁর সংগীত। কখন কোথায় সংগীতের গতি বাড়াতে হবে, আবার কখন নীরবতার কাছাকাছি থাকতে হবে, তা অনিরুদ্ধ ভালোভাবেই জানেন। ‘হুকুম’সহ পরিচিত গানের ব্যবহারও দর্শকের মধ্যে বাড়তি উত্তেজনা তৈরি করে। ‘আলা বোলেলো’ গানটি বেশ প্রাণবন্ত হলেও ‘বিন্দাস’ ততটা মনে রাখার মতো নয়। নোরার ফাতেহির আইটেম গানটিও গল্পের সঙ্গে খুব একটা মানানসই মনে হয়নি।
চিত্রগ্রাহক বিজয় কার্তিক কান্নানের কাজও প্রশংসার দাবি রাখে। বড় আয়োজনের সিনেমাটির দৃশ্যায়নে রয়েছে চাকচিক্য, অ্যাকশনে রয়েছে গতিময়তা। গল্প যখন কিছুটা একঘেয়ে হয়ে পড়ে, তখন সংগীত ও দৃশ্যের সৌন্দর্য দর্শককে পর্দায় আটকে রাখতে সাহায্য করে।
দ্বিতীয়ার্ধে যতই ছন্দপতন ঘটুক, রজনী-ভক্তরা সেসব নিয়ে ভাবেন না। সিনেমায় যখন রজনীকান্ত আছেন, তখন এসব নিয়ে কে-ই আর ভাবে!






