একসময় ছিলেন জেলা যুবলীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) নেতা। স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা ছিল তাঁর। তবে দলের মনোনয়ন পাননি। তাঁর দাবি, মনোনয়ন পেতে জেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতিসহ দলের নেতাদের নগদ ও চেকে ৩০ লাখ টাকা দিয়েছিলেন, তবু তাঁকে মনোনয়ন দেওয়া হয়নি। টাকা ফেরত চেয়ে একটি মামলা করে প্রথমবারের মতো আলোচনায় আসেন কামাল উদ্দিন। মামলার পর তাঁকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়।

মামলা ও বহিষ্কার হওয়ার এ ঘটনা চার বছর আগের। তবে সম্প্রতি নিজেকে ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগের’ সভাপতি দাবি করে নতুন করে আলোচনায় আসেন কামাল উদ্দিন। অবশ্য আওয়ামী লীগের পলাতক নেতাদের সমালোচনা করে নানা মন্তব্যের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে বছর দেড়েক ধরে আলোচনায় রয়েছেন তিনি।

পেশায় আইনজীবী কামাল উদ্দিনের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নে। তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সহ–আইনবিষয়ক সম্পাদক ছিলেন। প্রায় চার বছর আগে তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়।

আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, টিকটকে আত্মগোপনে ও পালিয়ে থাকা নেতাদের নামে সমালোচনা শুরু করেন কামাল। একের পর এক পোস্ট ও ভিডিও দিতে থাকেন। এসব পোস্ট ও ভিডিও দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এসব পোস্ট ও ভিডিওতে নিজেকে নন-পলাতক আওয়ামী লীগ হিসেবে পরিচয় দিতে থাকেন কামাল উদ্দিন।

গতকাল শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার সিডিএ টেক এলাকার একটি ভাড়া বাসা থেকে তাঁকে পুলিশি হেফাজতে নেওয়া হয়। রাতে ১৫-২০ জন লোক তাঁর বাসা ঘেরাও করেছেন, এমন খবর পেয়ে পুলিশ তাঁকে হেফাজতে নেয়।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমেদ প্রথম আলোকে বলেন, কামাল উদ্দিনের বিরুদ্ধে থানায় কোনো অভিযোগ বা মামলা নেই। কিন্তু একটি পরিস্থিতি তৈরি হয়েছিল। এরপর পুলিশ হেফাজতে নিয়ে আসে। কিন্তু তাঁর কোনো আত্মীয়স্বজন থানায় আসেননি। এ জন্য কারও জিম্মায় যে তাঁকে ছেড়ে দেওয়া হবে, সে সুযোগও ছিল না। এ ছাড়া তাঁর বিষয়টি সারা দেশে আলোচিত হয়েছে। তাই তাঁকে আদালতের কাছে সোপর্দ করা হয়। সেখান থেকে তিনি জামিন পেয়েছেন।

‘নন-পলাতক আওয়ামী লীগ’

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের। ক্ষমতাচ্যুত হন প্রায় টানা ১৬ বছর ধরে প্রধানমন্ত্রী থাকা শেখ হাসিনা। সরকার পতনের পর আওয়ামী লীগের বেশির ভাগ নেতা আত্মগোপনে চলে যান। অনেকেই পালিয়ে যান দেশের বাইরে।

আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ও পালিয়ে থাকা নেতাদের নামে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, টিকটকে সমালোচনা শুরু করেন কামাল। একের পর এক পোস্ট ও ভিডিও দিতে থাকেন। এসব পোস্ট ও ভিডিও দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এসব পোস্ট ও ভিডিওতে নিজেকে নন-পলাতক আওয়ামী লীগ হিসেবে পরিচয় দিতে থাকেন কামাল উদ্দিন। তাঁর বক্তব্যের মূল বিষয় ছিল, দলের নেতারা বিদেশে কিংবা আত্মগোপনে থেকে কর্মীদের রাজপথে আন্দোলনে নামার আহ্বান জানালেও বিপদের সময়ে তাঁদের পাশে থাকছেন না।

এমন বক্তব্য দিতে গিয়ে কামাল উদ্দিন নিজেকে অন্য নেতাদের চেয়ে আলাদা হিসেবে তুলে ধরেন। তাঁর ভাষ্য, দলের দুঃসময়ে নেতাদের আত্মগোপনে না থেকে মাঠে থাকা উচিত। এ অবস্থান থেকেই ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগ’ নামে একটি কমিটি গঠনের উদ্যোগ নেন তিনি।

গত ৮ অক্টোবর ফেসবুকে একটি পোস্ট দিয়ে নিজেকে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি ঘোষণা করেন কামাল উদ্দিন। একই সঙ্গে দেশের ৬৪ জেলায় কমিটি গঠনের উদ্যোগ নেওয়ার কথা জানান। আগ্রহীদের জীবনবৃত্তান্ত পাঠানোর আহ্বানও জানান তিনি।

এরপর ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগের’ ব্যাপারে প্রচার-প্রচারণা চালাতে থাকেন। বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে কমিটি গঠনে তৎপরতা চালান। নিজের ফেসবুক পেজে এসব কমিটি ঘোষণা দিতে থাকেন একের পর। তাঁর এমন কার্যক্রম সামাজিক যোগাযোগমাধ্যমে যেমন ছড়িয়ে পড়ে, তেমনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় তাঁকে নিয়ে।

সম্প্রতি তাঁর ফেসবুক পেজ হ্যাক করা হয় বলে অভিযোগ করেন কামাল উদ্দিন। গত ১৫ অক্টোবর ফেসবুকে এক স্ট্যাটাসে জানান, ‘আমি অ্যাডভোকেট কামাল উদ্দিন। সভাপতি নন–পলাতক আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটি। আমি আজকে অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে বলছি যে আমার ৫২ হাজার এর অধিক ফলোয়ার (অনুসারী)–বিশিষ্ট যে ফেসবুক পেইজটি ছিল, সেই অ্যাকাউন্টটি বট বাহিনী হ্যাক করে ফেলেছে কিছুদিন আগে। এখন থেকে আমি নিয়মিত এই আইডিতে থাকব, এটাই আমার পেজ। নিয়মিত এই আইডি থেকে কমিটি দেওয়া হবে। নন–পলাতক আওয়ামী লীগ জিন্দাবাদ।’

পুলিশি হেফাজতে নেওয়া কামাল উদ্দিনের বিষয়ে নগর পুলিশের কর্ণফুলী জোনের সহকারী কমিশনার (এসি) নাসিফ ইনসান প্রথম আলোকে বলেন, কামাল উদ্দিনের বিরুদ্ধে তাঁদের কাছে কোনো অভিযোগ নেই। কিন্তু শুক্রবার রাতে ১৫-২০ জন লোক তাঁর বাসা ঘেরাও করেছেন, এমন খবর আসে। এরপর কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং নিরাপত্তার স্বার্থে পুলিশ তাঁকে হেফাজতে নেয়। তিনি বলেন, কারা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করতে চেয়েছিলেন, তাঁদের ব্যাপারে খোঁজখবর নিচ্ছেন। চিহ্নিত করার পর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মনোনয়ন পেতে টাকা দেওয়ার অভিযোগ

২০২২ সালে সাতকানিয়ায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে ৩০ লাখ টাকা দেওয়ার অভিযোগ তুলে আলোচনায় এসেছিলেন কামাল উদ্দিন। মনোনয়ন পেতে টাকা দেওয়ার বিষয়টি তখন চট্টগ্রামের রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছিল।

কামাল উদ্দিনের অভিযোগ ছিল, সাতকানিয়ার সোনাকানিয়া ইউপিতে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হোসেন কবির তাঁর কাছ থেকে ১৫ লাখ টাকা নগদ নেন। পরে চট্টগ্রাম-৮ আসনের তৎকালীন সংসদ সদস্য ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদের (বর্তমানে প্রয়াত) নামে আরও ১৫ লাখ টাকার একটি চেক নেন।

কামাল উদ্দিনের দাবি, মনোনয়ন না পাওয়ার পর তিনি টাকা ও চেক ফেরত চান। কিন্তু তা ফেরত না পেয়ে আদালতে মামলা করেন। তাঁর অভিযোগের পরিপ্রেক্ষিতে আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেন।

অন্যদিকে মোছলেম উদ্দিন আহমেদের নামে ১৫ লাখ টাকার চেক নেওয়ার অভিযোগ তুলে ফেসবুকে পোস্ট দেওয়ায় কামাল উদ্দিনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন হোসেন কবির। ওই মামলাটিও তদন্তের নির্দেশ দিয়েছিলেন আদালত। মোছলেম উদ্দিন তখন অভিযোগটিকে মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেছিলেন।