আবদুল্লাহিল বাকি
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি এখন মাসে ১২ হাজার ৫০০ টাকা, যা ২০২৩ সালের ডিসেম্বরে কার্যকর হয়েছিল। এর মেয়াদ শেষ হচ্ছে এ বছরের ডিসেম্বরে। শ্রমিকেরা চাইছেন ৩০ হাজার টাকা।
ঢাকায় বিক্ষোভ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের মধ্যে ১ নভেম্বর সরকার নতুন মজুরি বোর্ড গঠন করেছে। অঙ্ক কত হবে, তা ঠিক করবেন বোর্ডের সদস্য, মালিক ও শ্রমিকের প্রতিনিধিরা।
কিন্তু অঙ্কের হিসাবের আগে একটা প্রশ্ন থাকে: মালিক আর শ্রমিক একে অপরের কাছে আসলে কী? ইসলাম এ প্রশ্নের জবাব দিয়েছে প্রায় দেড় হাজার বছর আগে, আর সে জবাবে দায়িত্ব দুই পক্ষেরই।
সম্পর্কের ভিত্তি: ভ্রাতৃত্ব ও চুক্তির পবিত্রতা
ইসলামে মালিক ও শ্রমিকের সম্পর্ক শুধু টাকার বিনিময়ের নয়, আস্থারও। মালিক শ্রমিককে ভাইয়ের মর্যাদা দেবেন, আর শ্রমিক প্রতিষ্ঠানের স্বার্থ নিজের আমানত মনে করবেন। এই সম্পর্কের ভিত চুক্তি।
কোরআনে বলা হয়েছে, ‘হে ইমানদারগণ, তোমরা তোমাদের চুক্তিগুলো পূর্ণ করো।’ (সুরা মায়িদা, আয়াত: ১)
মালিকের দায়িত্ব, শ্রমিকের অধিকার
১. ন্যায্য মজুরি, ঠিক সময়ে: ইসলামি ফিকহ মজুরির কোনো নির্দিষ্ট অঙ্ক বেঁধে দেয়নি। শর্ত দিয়েছে, মজুরি কাজ শুরুর আগেই স্থির ও দুই পক্ষের সম্মত হতে হবে, আর তা হতে হবে ন্যায্য।
নবী শোআইব (আ.) তাঁর জাতিকে বলেছিলেন, ‘মানুষকে তাদের প্রাপ্য জিনিস কম দিয়ো না।’ (সুরা হুদ, আয়াত: ৮৫)
সময়ের প্রশ্নে নবীজির নির্দেশ আরও স্পষ্ট: ‘শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার মজুরি পরিশোধ করো।’ (সুনানে ইবনে মাজাহ, হাদিস: ২৪৪৩)
মজুরি আটকে রাখাকে ইসলাম এত গুরুতর অপরাধ গণ্য করেছে যে হাদিসে কুদসিতে আল্লাহ বলেছেন, কেয়ামতের দিন তিনি তিন ধরনের মানুষের বিরুদ্ধে বাদী হবেন। প্রথমজন আল্লাহর নামে প্রতিশ্রুতি দিয়ে তা ভাঙে, দ্বিতীয়জন স্বাধীন মানুষকে বিক্রি করে তার মূল্য খায়, আর তৃতীয়জন কাউকে কাজে নিয়ে পুরো কাজ আদায় করে, কিন্তু মজুরি দেয় না। (সহিহ বুখারি, হাদিস: ২২২৭)।
২. ভাইয়ের মতো দেখা: সাহাবি আবু জর (রা.) একবার এক অধীনস্থকে তার মায়ের নাম তুলে গালমন্দ করেন। কথাটা নবীজির কানে গেলে তিনি বললেন, তোমার মধ্যে এখনো জাহেলিয়াতের স্বভাব রয়ে গেছে।
তারপর যে কথাটা বললেন, সেটাই এই সম্পর্কের মূলনীতি হয়ে আছে, ‘তারা তোমাদেরই ভাই। আল্লাহ তাদের তোমাদের অধীন করেছেন। তাই যার অধীনে কোনো ভাই কাজ করে, সে নিজে যা খাবে তাকেও তা-ই খেতে দেবে, নিজে যা পরবে তাকেও তা-ই পরতে দেবে। আর সাধ্যের বাইরে কোনো কাজ তাদের ওপর চাপিয়ো না; চাপাতে হলে নিজেও সাহায্য করো।’ (সহিহ বুখারি, হাদিস: ৩০)
রাষ্ট্রীয় কোষাগারের সামনে এক বৃদ্ধ অমুসলিম নাগরিককে ভিক্ষা করতে দেখে ওমর (রা.) বলেন, তার তারুণ্যে আমরা তার কাছ থেকে কর নিয়েছি, আর বার্ধক্যে তাকে ফেলে রেখেছি, এটা ইনসাফ নয়।
ঘটনাটি দাসপ্রথার যুগের, তবে আলেমরা এর মর্ম আজকের সব অধীনস্থ কর্মীর ক্ষেত্রে প্রযোজ্য মনে করেন। কোরআনও বলেছে, ‘নিশ্চয় আমি আদম সন্তানকে মর্যাদা দান করেছি।’ (সুরা বনি ইসরাইল, আয়াত: ৭০)
আর ‘আল্লাহ কারও ওপর তার সাধ্যাতীত কোনো বোঝা চাপিয়ে দেন না।’ (সুরা বাকারা, আয়াত: ২৮৬)
৩. কাজ নেওয়ার ভঙ্গিতেও কোমলতা: মুসা (আ.) যখন মাদইয়ানের এক প্রবীণ ব্যক্তির কাজে যুক্ত হন, তখন সেই ব্যক্তি, যাঁকে অনেক মুফাসসির নবী শোআইব বলে মনে করেন, বলেছিলেন, ‘আমি তোমাকে কষ্টে ফেলতে চাই না।’ (সুরা কাসাস, আয়াত: ২৭)
নবীজির নিজের আচরণও ছিল তা-ই। আনাস (রা.) দশ বছর তাঁর সেবা করেছেন। তিনি বলেন, এই দীর্ঘ সময়ে নবীজি (সা.) কখনো তাঁকে ‘উহ’ পর্যন্ত বলেননি, কোনো কাজ করার পর ‘কেন করলে’ বা না করলে ‘কেন করলে না’ বলে ধমকাননি। (সহিহ বুখারি, হাদিস: ৬০৩৮)
৪. নিরাপদ কর্মপরিবেশ: শ্রমিকের জীবন ও স্বাস্থ্যের নিরাপত্তা মালিকের দায়িত্ব। আল্লাহ বলেছেন, ‘তোমরা নিজেদের জীবনকে ধ্বংসের মুখে ঠেলে দিয়ো না।’ (সুরা বাকারা, আয়াত: ১৯৫)
নবীজি (সা.) বলেছেন, ‘নিজের কোনো ক্ষতি করা যাবে না এবং অন্যেরও কোনো ক্ষতিসাধন করা যাবে না।’ (সুনানে ইবনে মাজাহ, হাদিস: ২৩৪০)
এই দায়িত্ব অবহেলার ফল বাংলাদেশ জানে। ২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারের রানা প্লাজা ধসে মারা যান ১ হাজার ১৩৪ জন শ্রমিক, আহত হন প্রায় আড়াই হাজার। আগের দিন ভবনের দেয়ালে ফাটল দেখা গিয়েছিল। শ্রমিকদের তখন বলা হয়েছিল, ভবন নিরাপদ।
৫. ইবাদতের সুযোগ: কাজের অজুহাতে ফরজ নামাজ বা রোজায় বাধা দেওয়া যায় না। মহানবী (সা.) বলেছেন, ‘স্রষ্টার অবাধ্য হয়ে কোনো সৃষ্টির আনুগত্য নেই।’ (মুসনাদে আহমাদ, হাদিস: ১০৯৫)
৬. বার্ধক্যে ও অক্ষমতায় দায়িত্ব: রাষ্ট্রীয় কোষাগারের সামনে এক বৃদ্ধ অমুসলিম নাগরিককে ভিক্ষা করতে দেখে ওমর (রা.) বলেন, তার তারুণ্যে আমরা তার কাছ থেকে কর নিয়েছি, আর বার্ধক্যে তাকে ফেলে রেখেছি, এটা ইনসাফ নয়।
এরপর কোষাগার থেকে তার ভাতা নির্ধারণ করে দেন। (ইমাম আবু ইউসুফ, কিতাবুল খারাজ, পৃষ্ঠা ১৪৪, দারুল মারিফাহ, বৈরুত)
এখান থেকে একটি মূলনীতি স্পষ্ট: যে মানুষ জীবনের শ্রম সমাজকে দিয়েছে, বৃদ্ধ বা অক্ষম হলে তাকে ফেলে দেওয়া যায় না।
৭. যোগ্যের মূল্য, অদক্ষকে শেখানো: কোরআনে নবী মুসার ঘটনায় আদর্শ কর্মীর গুণ বলা হয়েছে এভাবে, ‘কর্মচারী হিসেবে সেই ব্যক্তিই সর্বোত্তম, যে শক্তিশালী (কাজে দক্ষ) ও বিশ্বস্ত।’ (সুরা কাসাস, আয়াত: ২৬)
মহানবী (সা.) সতর্ক করেছেন, ‘যখন কোনো দায়িত্ব অযোগ্য লোকের হাতে তুলে দেওয়া হয়, তখন কেয়ামতের অপেক্ষা করো।’ (সহিহ বুখারি, হাদিস: ৫৯)
যাঁরা কাজ জানেন না, তাঁদের প্রতিও দায়িত্ব আছে। সর্বোত্তম আমলের আলোচনায় নবীজি বলেছিলেন, কোনো কর্মীকে সাহায্য করা, অথবা যে ব্যক্তি কাজ জানে না তার হয়ে কাজ করে দেওয়া। (সহিহ বুখারি, হাদিস: ২৫১৮)
মাঠের মানুষের অভিজ্ঞতাকেও তিনি মূল্য দিয়েছেন। মদিনার খেজুর চাষিদের পরাগায়ন-পদ্ধতি নিয়ে তিনি বলেছিলেন, ‘তোমরা তোমাদের পার্থিব বিষয় ভালো জানো।’ (সহিহ মুসলিম, হাদিস: ২৩৬৩)
৮. কৃতজ্ঞতার স্বীকৃতি: মহানবী (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে না, সে আল্লাহর প্রতিও কৃতজ্ঞ হয় না’। (সুনানে তিরমিজি, হাদিস: ১৯৫৫)
বছরের পর বছর কাজ করা শ্রমিককে অবসরে সম্মান জানানো এই শিক্ষারই ব্যবহারিক রূপ।
যিনি আল্লাহর হকও আদায় করেন, আবার মনিবের হকও ঠিকমতো পালন করেন, তাঁর জন্য দ্বিগুণ সওয়াবের ঘোষণা আছে।
শ্রমিকের দায়িত্ব, মালিকের অধিকার
ইসলাম অধিকারের কথা বলেছে, দায়িত্বের কথাও বলেছে সমান জোরে। শ্রমিকের দায়িত্ব মোটামুটি ছয় ধরনের।
১. চুক্তি ও শর্ত মেনে চলা। যে শর্তে কাজে যোগ দিয়েছেন, তার প্রতি অটল থাকা শ্রমিকের কর্তব্য। কোরআনের আদেশ, ‘তোমরা চুক্তি পূর্ণ করো।’ (সুরা মায়িদা, আয়াত: ১)
নবীজির বাণী, ‘মুসলিমরা তাদের শর্তে অটল থাকে।’ (সুনানে আবু দাউদ, হাদিস: ৩৫৯৪)
ফকিহরা বলেন, চুক্তিতে যে সময় নির্ধারিত, সে সময়টা মালিকের প্রাপ্য। সেই সময় অন্য কাজে ব্যয় করা বা কাজে ফাঁকি দেওয়া তাই আমানতের খেলাফ।
২. আমানত রক্ষা: কোরআনে বলা হয়েছে, ‘আল্লাহ তোমাদের আদেশ দিচ্ছেন, আমানত তার হকদারের কাছে পৌঁছে দাও।’ (সুরা নিসা, আয়াত: ৫৮)
আরও বলা হয়েছে, ‘জেনেশুনে তোমরা তোমাদের আমানতের খেয়ানত কোরো না।’ (সুরা আনফাল, আয়াত: ২৭)
প্রতিষ্ঠানের যন্ত্রপাতি, কাঁচামাল, অর্থ ও গোপন তথ্য সবই শ্রমিকের কাছে আমানত। মহানবী (সা.) বলেছেন, ‘অধীনস্থ ব্যক্তি তার মালিকের সম্পদের রক্ষক এবং সে এর জন্য জিজ্ঞাসিত হবে’। (সহিহ বুখারি, হাদিস: ৮৯৩)
৩. কাজে নিপুণতা: মহানবী (সা.) বলেছেন, ‘আল্লাহ প্রতিটি কাজে ইহসান (নিপুণ ও সুন্দরভাবে সম্পাদনকে) অপরিহার্য করেছেন।’ (সহিহ মুসলিম, হাদিস: ১৯৫৫)
‘শক্তিশালী ও বিশ্বস্ত’ কর্মীর যে মানদণ্ড কোরআন দিয়েছে, তাতে দক্ষতা অর্জনও শ্রমিকের দায়িত্বের অংশ।
৪. বাড়তি সুবিধা না নেওয়া: ইবনুল লুতবিয়্যা নামে এক সাহাবিকে মহানবী (সা.) জাকাত আদায়ের দায়িত্ব দিয়েছিলেন। ফিরে এসে তিনি বললেন, এই অংশ আপনাদের, আর এটা আমাকে উপহার দেওয়া হয়েছে।
নবীজি সবার সামনে বললেন, সে তার বাবা-মায়ের ঘরে বসে থেকে দেখত তো, উপহার আসে কি না। (সহিহ বুখারি, হাদিস: ৬৯৭৯)
আরেক হাদিসে আছে, ‘আমরা কাউকে কোনো কাজে নিয়োগ দিয়ে তার ভরণপোষণের ব্যবস্থা করলে, এর বাইরে সে যা নেয়, তা আত্মসাৎ।’ (সুনানে আবু দাউদ, হাদিস: ২৯৪৩)
হাদিসগুলো রাষ্ট্রীয় দায়িত্ব নিয়ে, তবে কমিশন, উপহার আর ঘুষের প্রশ্নে এর শিক্ষা আজকের প্রতিটি কর্মক্ষেত্রেই প্রাসঙ্গিক।
৫. ন্যায্য দাবির পথে সততা: অধিকার চাওয়ার অধিকার ইসলামে স্বীকৃত। তবে সম্পদ নষ্ট করা বা ভাঙচুর আমানতের খেয়ানত ও ‘নিজের ও অন্যের ক্ষতি না করার’ নীতির লঙ্ঘন। নিজের প্রাপ্যের জন্য যিনি লড়ছেন, তাঁর ক্ষেত্রেও সততার শর্ত শিথিল হয় না।
৬. সওয়াবের সুসংবাদ: যিনি আল্লাহর হকও আদায় করেন, আবার মনিবের হকও ঠিকমতো পালন করেন, তাঁর জন্য দ্বিগুণ সওয়াবের ঘোষণা আছে। (সহিহ বুখারি, হাদিস: ২৫৪৬)
এটি দাস-মনিব সম্পর্ক নিয়ে বলা হাদিস, তবে বিশ্বস্ত কর্মীর মর্যাদার দিকটি তাতে স্পষ্ট।
আজকের বাংলাদেশ: আইন যা পারে, যা পারে না
বাংলাদেশের শ্রম আইন, ২০০৬-এর ১২৩ ধারা অনুযায়ী, মজুরিকাল শেষ হওয়ার পরবর্তী সাত কর্মদিবসের মধ্যে শ্রমিকের মজুরি পরিশোধ করতে হবে। চাকরি অবসান বা অবসরের ক্ষেত্রে সময়সীমা ৩০ কর্মদিবস।
আইন সময়সীমা বেঁধে দেয় প্রশাসনিক সুবিধার জন্য। ‘ঘাম শুকানোর আগে’ নির্দেশের মর্ম আরও কঠোর: পাওনা মেটানোর সামর্থ্য থাকলে এক মুহূর্তও দেরি নয়।
মজুরি বোর্ড অঙ্ক ঠিক করে দিতে পারে, আইন সময়সীমা বেঁধে দিতে পারে। কিন্তু মালিকের মনে ‘শ্রমিক আমার ভাই’ ভাব বা শ্রমিকের মনে ‘এই প্রতিষ্ঠান আমার কাছে আমানত’ বোধ তৈরি করতে পারে না।
ইসলাম এ কারণেই দুই পক্ষের সামনে রেখেছে পরকালের জবাবদিহি। যে প্রতিষ্ঠানে মালিক ঠিক সময়ে ন্যায্য মজুরি দেন, নিরাপদ পরিবেশ রাখেন, ভাইয়ের মতো আচরণ করেন, সেখানে শ্রমিকও কাজে ফাঁকি দিতে লজ্জা পান।
দুই পক্ষের এই পারস্পরিক ভরসাই একটি প্রতিষ্ঠানকে, আর শেষ পর্যন্ত একটি সমাজকে টিকিয়ে রাখে।
আবদুল্লাহিল বাকি: আলেম, লেখক ও প্রোগ্রামার
abdullahalbaqi00@gmail.com






