ঋণের চেয়ে অনুদানভিত্তিক তহবিলের দিকে বাংলাদেশ সরকারকে জোর দেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর পক্ষ থেকে কপ৩১–এ অংশ নেওয়া প্রতিনিধিদলের সদস্যরা।
আজ শনিবার তুরস্কের আন্তালিয়ায় চলমান কপ৩১ ভেন্যুর বাংলাদেশ প্যাভিলিয়নের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনসংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং কুড়িগ্রাম-৩ আসনে জামায়াত দলীয় সংসদ সদস্য মাহবুবুল আলম সালেহী বলেন, বাংলাদেশ জলবায়ু পরিবর্তনে কোনোভাবেই দায়ী না হলেও এর বেশি নেতিবাচক প্রভাব পড়ছে বাংলাদেশের ওপর; কিন্তু বিগত জলবায়ু সম্মেলনগুলো থেকে যে পরিমাণ তহবিল পেয়েছে, তা প্রতিশ্রুতির ৯ শতাংশের কম; এবং যার মধ্যে আবার বেশির ভাগই ঋণে পাওয়া তহবিল। তাই ভবিষ্যতে এ ধরনের ঋণের চেয়ে অনুদানভিত্তিক তহবিলের দিকে সরকারকে জোর দিতে হবে।
মাহবুবুল আলম সালেহী বলেন, আগে জলবায়ু তহবিলে যেসব আন্তর্জাতিক ফান্ড এসেছে, তা খরচে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে। তাই আগামীতে যে বরাদ্দ আসতে যাচ্ছে, সেখানে দুর্নীতি বন্ধের জন্য নিয়মিত ট্র্যাকিং রিপোর্ট জনসমক্ষে প্রকাশ করতে হবে।
সংবাদ সম্মেলনে বিশ্ব জলবায়ু সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের পাঁচ জরুরি প্রস্তাবকে স্বাগত জানায় জামায়াতের প্রতিনিধিদল। এতে জামায়াতের এই সংসদ সদস্য বলেন, বাংলাদেশের জন্য যে ৩০ মিলিয়ন মার্কিন ডলার বরাদ্দের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তা জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত মানুষ যেন পায়, তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে এই তহবিলের অর্থ যেন পুরোপুরি দুর্নীতিমুক্তভাবে ব্যবহার করা হয়, সেটিও নিশ্চিত করার দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে মাহবুবুল আলম সালেহী পরিবেশ রক্ষা নিয়ে জামায়াতের ‘থ্রি জিরো ভিশন’ তুলে ধরেন। যেখানে জিরো ফ্লাডস, জিরো ওয়েস্ট ও জিরো এনভায়রনমেন্ট ডিগ্রেডেশনের কথা তিনি উল্লেখ করেন। এই থ্রি জিরো ভিশনটি জামায়াতের পক্ষ থেকে বিভিন্ন সাইড ইভেন্টে তুলে ধরা হয়েছে বলেও জানান তিনি। একই সঙ্গে পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের হাত থেকে বাংলাদেশসহ বিশ্বকে রক্ষা করতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
জামায়াত ইসলামীর এই সংসদ সদস্য বলেন, জলবায়ু পরিবর্তন কিংবা পরিবেশ রক্ষা কোনো রাজনৈতিক, ধর্মীয় কিংবা আঞ্চলিক ইস্যু নয়। তাই এ বিষয়ে সব পক্ষকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত তহবিল পেতে সরকারকে কাজ করতে হবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কপ৩১ সম্মেলনে অংশ নেওয়া জামায়াতের প্রতিনিধিদলের সমন্বয়ক মাহমুদুল হাসান।






