আগুনে পুড়ে যাওয়া ঘরে ঘুমিয়ে আছে একটি পরিবার। সব হারিয়েও অটুট পরিবারটির পারস্পরিক বন্ধন ও ভালোবাসা—ছবির মাধ্যমে এই মানবিক বার্তা তুলে ধরে হামদান আন্তর্জাতিক আলোকচিত্র পুরস্কারের (হিপা) গ্র্যান্ড পুরস্কার পেয়েছেন বাংলাদেশের আলোকচিত্রী পিনু রহমান। সংযুক্ত আরব আমিরাতের এই পুরস্কারটির অর্থমূল্য ২ লাখ মার্কিন ডলার বা প্রায় আড়াই কোটি টাকা। তাঁর কাছে ছবিটির গল্প শুনেছেন সজীব মিয়া

রাজধানীর কড়াইল বস্তিতে আগুন লাগে গত ২৫ নভেম্বর। সেদিন ছিল মঙ্গলবার। পেশায় আমি ব্যাংকার। অফিস থাকায় সেদিন ঘটনাস্থলে যেতে পারিনি। এমনটা প্রায়ই হয়। সিদ্ধান্ত নিলাম, অগ্নিকাণ্ডের পরের পরিস্থিতির ছবি তুলব। আগেও এ ধরনের ঘটনায় বেশির ভাগ সময় পরবর্তী পরিস্থিতির ছবি তুলেছি। ঢাকার বাইরে থাকা আমার দুই ছোট ভাই, তারাও আলোকচিত্রী, ফোন করে ছবি তুলতে যাওয়ার আগ্রহ প্রকাশ করল।
২৮ নভেম্বর শুক্রবার আমরা তিনজন ছবি তুলতে যাওয়ার পরিকল্পনা করি। কথা ছিল, কারওয়ান বাজারে দেখা করে একসঙ্গে রওনা দেব। কিন্তু আমি খুব ভোরেই বের হয়ে পড়ায় শেষ পর্যন্ত আর একসঙ্গে যাওয়া হয়নি।
ভোর সাড়ে পাঁচটা–ছয়টার দিকে ঘটনাস্থলে পৌঁছাই। প্রথমে ক্যামেরা দিয়ে কিছু ছবি তুলি। পাশাপাশি দুই আলোকচিত্রী ভাইকে খুঁজতে থাকি। কিন্তু তাদের দেখা পাচ্ছিলাম না। এর মধ্যেই চোখে পড়ল, আকাশে অনেক ড্রোন উড়ছে।
এত বড় এলাকা হেঁটে ঘুরে দেখা সম্ভব না। তাই কাছেই একটি একতলা বাড়ির ছাদে উঠে আমিও ড্রোন ওড়াই। প্রায় ৩০ মিনিট ড্রোন দিয়ে পুরো এলাকার পরিস্থিতি দেখার চেষ্টা করি। আগুনে পুড়ে যাওয়া অংশের কোনো ঘরের ছাদেই টিন নেই। পোড়া টিনগুলো আশপাশেই ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে। ঘর হারানো মানুষগুলো কেউ মশারি টানিয়ে, কেউ মশারি ছাড়াই খোলা আকাশের নিচে ঘুমাচ্ছেন। কেউ আবার ত্রিপল টানিয়ে নিয়েছেন। কারও আবার ঘুম ভেঙেছে। কেউ নাশতা করছেন, কেউ ফোনে কথা বলছেন। এসব দৃশ্য ড্রোনে ধারণ করে বাসায় ফিরি।
ছবির গল্পে ‘পরিবার’
কম্পিউটারে ছবিগুলো নামিয়ে দেখতে বসি। দেখতে দেখতে কয়েকটি ফ্রেমে চোখ আটকে যায়। একটায় একটি পরিবারের পাঁচ সদস্য পাশাপাশি ঘুমিয়ে আছে। আরেকটায় অন্য একটি পরিবার বসে নাশতা করছে, কেউ গল্প করছে, আবার কেউ ফোনে কথা বলছে। জীবনের নানা মুহূর্ত।
তবে পাঁচ সদস্যের ঘুমিয়ে থাকার দৃশ্যটি আমার কাছে আলাদা মনে হয়। তাঁদের দেখে মনে হচ্ছিল, তাঁরা ভীষণ ক্লান্ত। হয়তো আরও কিছুক্ষণ পর তাঁদের ঘুম ভাঙবে।
ছবিগুলো একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের জন্য পাঠাই। সেখান থেকে ২০টি ছবি নির্বাচন করে তারা। ওই প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী ঘুমন্ত পরিবারের ছবিটি দেখে বলেছিলেন, ছবিটির মধ্যে অনেক গল্প আছে। এটি যেন যত্ন করে রাখি।
ছবিটি নিয়ে আমার নিজেরও তেমন ভাবনা ছিল। তাই আলাদা করে রাখি।

একই আকাশের নিচে
প্রতিযোগিতার জন্য প্রতিবছরই একটি নির্দিষ্ট থিম ঠিক করে দেয় হামদান ইন্টারন্যাশনাল ফটো অ্যাওয়ার্ড (হিপা)। যেমন গত বছর ছিল ‘পাওয়ার’, তার আগের বছর ‘সাসটেইনেবিলিটি’। এবারের থিম ছিল ‘ফ্যামিলি’।
হিপার ওয়েবসাইটে থিমটির ব্যাখ্যা পড়ি। পরিবার বলতে শুধু মানুষের পারিবারিক সম্পর্ক বোঝানো হয়নি। প্রকৃতির মধ্যেও পরিবারের ধারণা খোঁজার সুযোগ রয়েছে। মূলত পারস্পরিক সংযোগ, একাত্মতা ও বন্ধনের বিষয়গুলো তুলে ধরাই ছিল এবারের থিমের উদ্দেশ্য।
তখন বিভিন্ন ছবি নিয়ে ভাবতে শুরু করি। কোন ছবিটি এই থিমের সঙ্গে সবচেয়ে ভালোভাবে যায়, বোঝার চেষ্টা করি। দীর্ঘদিনের আলোকচিত্রচর্চার অভিজ্ঞতা থেকে জানি, আন্তর্জাতিক প্রতিযোগিতায় ছবি জমা দেওয়ার ক্ষেত্রে থিমটি ভালোভাবে বোঝা জরুরি। ছবি সুন্দর হলেই হবে না, প্রতিযোগিতার ভাবনার সঙ্গেও মিল থাকতে হবে।
একপর্যায়ে কড়াইল বস্তির সেই ছবিটির কথা মনে পড়ে। আগুনে ঘরবাড়ি পুড়ে যাওয়ার পরও একসঙ্গে ঘুমিয়ে আছে পরিবারের পাঁচ সদস্য। নিরাশ্রয়, ঘর নেই, সম্পদ নেই; তারপরও একসঙ্গে আছেন তাঁরা। বিপর্যয়ের মধ্যেও পরিবারের এই বন্ধনই ছবিটির মূল শক্তি।
বস্তিতে আগুন লাগার ঘটনা নতুন নয়, অনভিপ্রেত হলেও সত্যি হচ্ছে প্রতিবছরই কোথাও না কোথাও এমন অগ্নিকাণ্ড ঘটছে। তারপরও আবার ঘুরে দাঁড়ায় মানুষ, নতুন করে বাঁচার চেষ্টা করে। ফিনিক্স পাখির মতো ধ্বংসস্তূপ থেকে উঠে দাঁড়ানো মানুষের এই লড়াইও ছবিটির মধ্যে খুঁজে পেয়েছিলাম।
সবকিছু ভেবে ছবিটি জমা দেওয়ার সিদ্ধান্ত নিই। ছবির শিরোনাম দিই ‘আন্ডার দ্য সেম স্কাই’ (একই আকাশের নিচে)। বর্ণনায় নিজের ভাবনাগুলো লিখে দিই।
পুরস্কারের মঞ্চে চমক
পুরস্কার পাচ্ছি, এমন আভাস হিপার পক্ষ থেকেও পেয়েছিলাম। তবে কী পুরস্কার, জানানো হয়নি। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিতে তাদের আমন্ত্রণে ৯ নভেম্বর আমি, আমার স্ত্রী ও প্রথম আলোর প্রধান আলোকচিত্রী জাহিদুল ইসলাম রওনা দিই।
১০ নভেম্বর সকালে বিভিন্ন বিভাগের বিজয়ীদের নিয়ে পুরস্কার গ্রহণের মহড়া হয়। কীভাবে মঞ্চে উঠতে হবে, পুরস্কার নিতে হবে, আনুষ্ঠানিকতা কীভাবে সম্পন্ন হবে—এসব বিষয় বুঝিয়ে দেওয়া হয়। প্রায় দুই ঘণ্টার এই মহড়াতেও আমরা জানতে পারিনি, কে প্রথম, দ্বিতীয় কিংবা তৃতীয় হয়েছেন।
বিকেলে শুরু হয় মূল অনুষ্ঠান। সেখানে রাজপরিবারের সদস্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের আগে কয়েকজন আমার সঙ্গে বিশেষভাবে কথা বলতে আসছিলেন। বিষয়টি দেখে জাহিদুল ভাই বললেন, ‘পিনু, মনে হচ্ছে তোমার জন্য বড় কিছু অপেক্ষা করছে।’
বললাম, ‘আশা করছি, অন্তত তৃতীয় পুরস্কারটা পাব!’
এরপর পুরস্কার ঘোষণা শুরু হলো। প্রথমে তৃতীয়, তারপর দ্বিতীয় পুরস্কার ঘোষণা করা হলো—আমার নাম নেই। এরপর প্রথম পুরস্কারের নাম ঘোষণা করা হলো। সেখানেও আমার নাম নেই। একটু অবাক হলাম। তাহলে কি কোনো পুরস্কারই পাচ্ছি না!
সবশেষে ঘোষণা করা হলো গ্র্যান্ড পুরস্কার। উপস্থাপক জানালেন, এবারের গ্র্যান্ড পুরস্কার পেয়েছে বাংলাদেশের একটি ছবি। আলোকচিত্রীর নাম—পিনু রহমান।
যে ছবিটি প্রথম দেখাতেই আমার কাছে আলাদা মনে হয়েছিল, সেটিই আমাকে এনে দিয়েছে আন্তর্জাতিক সম্মাননা। এবার সেই পরিবারকে খুঁজে বের করার পালা। কাজটি কঠিন হলেও আমার কিছু পরিকল্পনা আছে।






