তরুণ উদ্ভাবক, প্রযুক্তিভিত্তিক উদ্যোক্তা ও সম্ভাবনাময় স্টার্টআপগুলোর বিকাশে মোট এক কোটি টাকার পুরস্কার নিয়ে শুরু হচ্ছে ‘ইএটিএল ইনোভেশন হাব স্টার্টআপ পিচ কনটেস্ট ২০২৬’। আজ শনিবার গাজীপুরের কালিয়াকৈর হাইটেক সিটিতে ইএটিএল ইনোভেশন হাব মিলনায়তনে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে এই প্রতিযোগিতার কার্যক্রম উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে আয়োজকেরা জানান, দুটি বিভাগে প্রতিযোগিতা হবে। প্রাথমিক পর্যায়ের উদ্ভাবনী ধারণা নিয়ে ‘আইডিয়া কনটেস্ট’ বিভাগে মোট পুরস্কার ২৫ লাখ টাকা। এ বিভাগে চ্যাম্পিয়ন পাবে ১০ লাখ টাকা। প্রথম রানারআপ পাঁচ লাখ টাকা ও দ্বিতীয় রানারআপ তিন লাখ টাকা পাবে। চতুর্থ ও পঞ্চম স্থান মিলিয়ে চার লাখ টাকা এবং ষষ্ঠ থেকে দশম স্থান মিলিয়ে তিন লাখ টাকা দেওয়া হবে।

প্রতিষ্ঠিত ও বিকাশমান স্টার্টআপের জন্য ‘স্টার্টআপ কনটেস্ট’ বিভাগে পুরস্কার রয়েছে ৭৫ লাখ টাকার। এ বিভাগে চ্যাম্পিয়ন পাবে ৩০ লাখ টাকা। প্রথম রানারআপ ২০ লাখ টাকা ও দ্বিতীয় রানারআপ ১০ লাখ টাকা পাবে। চতুর্থ ও পঞ্চম স্থান মিলিয়ে ১০ লাখ টাকা এবং ষষ্ঠ থেকে দশম স্থান মিলিয়ে পাঁচ লাখ টাকা দেওয়া হবে।

অনুষ্ঠানে ইএটিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ মুবিন খান বলেন, বাংলাদেশের তরুণ প্রজন্মের মেধা ও উদ্ভাবনী শক্তিকে সঠিক দিকনির্দেশনা, প্রযুক্তিগত সহায়তা ও আন্তর্জাতিক বাজারের সঙ্গে যুক্ত করতে পারলে তারা শুধু চাকরিপ্রার্থী থাকবে না; বরং ভবিষ্যতে চাকরিদাতা ও বৈশ্বিক উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করবে। ইএটিএল ইনোভেশন হাবের মূল লক্ষ্য হলো একটি টেকসই স্টার্টআপ ইকোসিস্টেম গড়ে তোলা, যেখানে প্রতিটি ভালো আইডিয়া সফল ব্যবসায়িক প্রতিষ্ঠানে রূপ নিতে পারে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিকস ও উদীয়মান প্রযুক্তিকে কাজে লাগিয়ে সমাজের বাস্তব সমস্যার কার্যকর সমাধান খোঁজার ওপর জোর দেওয়া হবে এই প্রতিযোগিতায়।

অনুষ্ঠানে কানাডাভিত্তিক নোভা ল্যাবসের সহপ্রতিষ্ঠাতা নাফিউ ওসি ওয়ারেখুয়া মোহাম্মদ বলেন, দেশের প্রযুক্তি খাতের অগ্রযাত্রায় বাংলাদেশে ইএটিএলের সঙ্গে কাজ করবে নোভা ল্যাবস। নোভা ল্যাবসের স্কেল এআই প্রথমে স্বয়ংচালিত গাড়ির জন্য ইমেজ ও টেক্সট লেবেলিং দিয়ে যাত্রা শুরু করলেও পরবর্তী সময় বড় এআই গবেষণাগারের জন্য বিভিন্ন জটিল কাজ করার পাশাপাশি উত্তর গ্রেডিং এবং মডেল পরীক্ষার কাজ করেছে। লেবেলিংয়ের সঙ্গে বিশেষজ্ঞ কাজের এই সফল মডেলটিকে কাজে লাগিয়ে নোভা ল্যাবস ঢাকার মাটি থেকে বিশ্বমানের প্রযুক্তি সেবা প্রদানের লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে।

বিশ্বব্যাংকের প্রাইড প্রকল্পের দলনেতা ও জ্যেষ্ঠ বেসরকারি খাত বিশেষজ্ঞ হোসনা ফেরদৌস সুমি বলেন, বিশ্বব্যাংক দীর্ঘকাল ধরে বাংলাদেশের স্টার্টআপ ইকোসিস্টেমকে সহায়তা করে আসছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখবে। বর্তমান সময়ে কর্মসংস্থান সৃষ্টি কেবল বাংলাদেশের জন্যই নয়; বরং বৈশ্বিকভাবেই অন্যতম প্রধান লক্ষ্য। এই লক্ষ্য অর্জনের একমাত্র কার্যকর মাধ্যম হলো উদ্যোক্তা তৈরি এবং স্টার্টআপগুলোকে সার্বিক সহায়তা প্রদান করা। স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড (এসবিএল) এবং স্টার্টআপ ইনভেস্টমেন্ট কোম্পানির পাশাপাশি দেশে অনেক দেশি বিনিয়োগকারী এবং ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠান স্টার্টআপ খাতে বিনিয়োগের আগ্রহ দেখাচ্ছে। তবে এই খাতকে আরও গতিশীল করতে একটি শক্তিশালী ও কার্যকর অর্থায়ন পাইপলাইন গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে। আন্তর্জাতিক মানের একসিলারেটর প্রোগ্রামগুলো দেশে নিয়ে আসার পরিকল্পনা রয়েছে, যাতে স্থানীয় উদ্যোক্তারা বৈশ্বিক মানদণ্ডে নিজেদের স্টার্টআপগুলোকে বাণিজ্যিক সফলতা ও রূপান্তরের পরবর্তী ধাপে নিয়ে যেতে পারেন।

আয়োজকদের তথ্যমতে, এই প্রতিযোগিতার মাধ্যমে তরুণেরা মেন্টরশিপ ও বিনিয়োগকারীদের সঙ্গে যোগাযোগের সুযোগ পাবেন। জাতীয় পর্যায়ের প্ল্যাটফর্মে নিজেদের ধারণা তুলে ধরে তা সফল ব্যবসায় রূপ দিতে পারবেন। আজ শনিবার থেকে এই ঠিকানায় প্রবেশ করে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নিবন্ধন করা যাবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি বাংলাদেশের উপাচার্য মো. মোখতার আলী, স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা নুরুল হাই, ডিজিটাল এন্টারপ্রেনিউরশিপ অ্যান্ড ইনোভেশন ইকোসিস্টেম ডেভেলপমেন্ট (ডিইআইইডি) প্রকল্পের পরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার ও ইএটিএল ইনোভেশন হাব লিমিটেডের পরিচালক নাফিসা খান।

প্রতিযোগিতার অ্যাসোসিয়েশন পার্টনার হিসেবে রয়েছে প্রথম আলো

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ডিইআইইডি প্রকল্প প্রতিযোগিতাটির সহ–আয়োজক। অ্যাসোসিয়েশন পার্টনার হিসেবে রয়েছে প্রথম আলো। জাতীয় বিশ্ববিদ্যালয় কৌশলগত একাডেমিক এবং স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড কৌশলগত ও ইকোসিস্টেম অংশীদার হিসেবে রয়েছে। এ ছাড়া স্কিলস পার্টনার হিসেবে রয়েছে আইসিটি ইন্ডাস্ট্রি স্কিলস কাউন্সিল (আইসিটি আইএসসি)। বিশ্বব্যাংকও এ আয়োজনের সঙ্গে যুক্ত রয়েছে।

উল্লেখ্য, ইএটিএল ইনোভেশন হাব কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), বিগ ডেটা, ইন্টারনেট অব থিংস (আইওটি) এবং অগমেন্টেড ও ভার্চ্যুয়াল রিয়েলিটির মতো নতুন প্রযুক্তি নিয়ে কাজ করে। এসব প্রযুক্তিতে দক্ষতা উন্নয়ন, গবেষণা ও উদ্যোক্তা তৈরিই প্রতিষ্ঠানটির প্রধান লক্ষ্য।