একটা অবাক নদী
বইছে তোমার ভিতর।

গোপনে পোষে নাম
পারাপার জানবে না।

কথারপ্ত স্রোতে যাত্রা খড়কুটো।

নিজের শ্রোতা তুমি। তর্ক শোনে ফেনা।

হঠাৎ ঢেউ প্রবল,
কোথাও ধারা নিথর।

সঙ্গ খোঁজে হাত। শূন্য নাড়ে কড়া।

পড়শি দেখে মুখ
ছায়ার দিকে নত।

সুস্থ রোদে ডানা।

পায়ের ছাপে জরা।

ঘুমের চোখে মাছ কুশল জিজ্ঞাসে।

আঁশটে ধোয় শ্রম,
জলেরা লজ্জিত।

শামুকচলা রেখা প্রকৃতিহিস্যাতে
বালুতে আঁকে দিক।

হঠাৎ ভালোবাসা
বোঝায় মুটেগিরি।

বাগান কাঁধে নিয়ে
পথিক বিস্মিত।

বৈঠাসংহতি কখনো জানবে না
কোথায় পাবে যতি।

সমুদ্রসন্ধানে
নিরন্তর হাঁটা।