কিছু ভ্রমণ থাকে, যা শেষ হওয়ার পরও মনের মধ্যে থেকে যায়। নতুন মানুষের সঙ্গে পরিচয়, একসঙ্গে আনন্দ করা, গল্প-আড্ডা আর নতুন অভিজ্ঞতা—সব মিলিয়ে এমন ভ্রমণ হয়ে ওঠে স্মরণীয়। প্রথম আলো বন্ধুসভার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘এসো মিলি জলধারায় ২.০’ আমার কাছে তেমনই একটি স্মরণীয় অভিজ্ঞতা।
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া সেন্টার পয়েন্ট থেকে আমাদের যাত্রা শুরু হওয়ার কথা ছিল রাত পৌনে ১১টায়। আমরা ছিলাম ১০ জনের একটি দল। নির্ধারিত সময়ের মধ্যে সবাই সেখানে উপস্থিত হই। মাইক্রোবাসে ওঠার আগে থেকেই সবার মধ্যে উত্তেজনা। নতুন জায়গায় যাওয়া, দেশের বিভিন্ন এলাকার বন্ধুদের সঙ্গে দেখা হওয়া—সব মিলিয়ে সবার মনেই ছিল আনন্দ।
তবে যাত্রার শুরুতেই একটি ঘটনা মন খারাপ করে দেয়। প্রথম আলোর রায়গঞ্জ প্রতিনিধি ও বন্ধুসভার উপদেষ্টা সাজিদুল আলম স্যারেরও যাওয়ার কথা; কিন্তু আমরা সবাই ধানগড়া সেন্টার পয়েন্টে উপস্থিত হওয়ার পর ফোনে তিনি জানান অসুস্থতার কথা। এর আগে তিনি বিষয়টি বুঝতে দেননি। হয়তো ভেবেছিলেন, আমরা জানলে মন খারাপ করব। তাঁকে রেখেই আমাদের যাত্রা শুরু করতে হয়।

রাত ১১টার দিকে ধানগড়া থেকে হাইয়েসে রওনা হই। রাত প্রায় তিনটার দিকে ঢাকার সদরঘাটে পৌঁছাই। সেখানে গিয়ে একটি দৃশ্য মনে গভীর ছাপ ফেলে। অনেক মানুষকে জরাজীর্ণ অবস্থায় শুয়ে থাকতে দেখি। কারও গায়ে কাঁথা ছিল, আবার কারও শরীরে জড়ানোর মতো চাদরও ছিল না। এমন অসহায় মানুষদের দেখে খুব কষ্ট হচ্ছিল। আনন্দের একটি আয়োজনে অংশ নিতে এসে মানুষের এমন বাস্তবতা দেখে মনটা কিছুটা ভারী হয়ে যায়।
এরপর আমরা লঞ্চে উঠি। লঞ্চের তৃতীয় তলায় আমাদের জন্য ৩২১ নম্বর কেবিন বরাদ্দ ছিল। বন্ধুসভার একজন দায়িত্বশীল সদস্য আমাদের হাতে কেবিনের চাবি তুলে দেন। আমরা ব্যাগপত্র রেখে একটু গুছিয়ে নিই। কয়েকজন লঞ্চের তৃতীয় তলার সামনের খোলা জায়গায় চলে যাই। সেখানে দাঁড়িয়ে গল্প করতে করতে কখন যে রাত পেরিয়ে সকাল হয়ে গেল, বুঝতেই পারিনি।
সকালে আমাদের হাতে একটি উপহারের প্যাকেট তুলে দেওয়া হয়। সকালের দিকে লঞ্চ সদরঘাট থেকে চাঁদপুর মোহনার উদ্দেশে যাত্রা শুরু করে। নদীর বুকে লঞ্চ চলতে শুরু করার পর চারপাশের পরিবেশ দেখতে বেশ ভালো লাগছিল। এর মধ্যেই আয়োজকদের সঙ্গে দেখা হয়। প্যাকেটে একটি টি-শার্টসহ আরও কিছু উপহার ছিল। লঞ্চেই সকালের নাশতার আয়োজন করা হয়।
দিনের আয়োজনও ধীরে ধীরে জমে ওঠে। দেশের বিভিন্ন এলাকার বন্ধুসভার বন্ধুদের সঙ্গে পরিচিত হওয়া, গল্প-আড্ডা এবং সাংস্কৃতিক পরিবেশনা চলতে থাকে। প্রথম আলো বন্ধুসভার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনে দেশের ৮৬টি বন্ধুসভার প্রায় ১ হাজার ১৫০ জন সক্রিয় সদস্য, সাবেক সদস্য, শুভাকাঙ্ক্ষী ও প্রতিনিধির অংশগ্রহণ ছিল।
সাংস্কৃতিক অনুষ্ঠানে রায়গঞ্জ বন্ধুসভার বন্ধু সিঁথি মোহন্ত বন্ধুসভার থিম সংয়ের সঙ্গে দলীয় নৃত্যে অংশ নেয়। এ ছাড়া রায়গঞ্জ বন্ধুসভার পক্ষ থেকে একটি একক নৃত্য পরিবেশনা ছিল। নিজেদের বন্ধুসভার বন্ধুদের পরিবেশনা দেখতে পেরে খুব ভালো লাগছিল। অন্য বন্ধুসভার বন্ধুদের পরিবেশনাও উপভোগ করেছি। সাংস্কৃতিক সব পরিবেশনাই ভালো লেগেছে।

বেলা প্রায় দুইটার দিকে লঞ্চ চাঁদপুর মোহনা থেকে ফিরে আসে। দুপুরের খাবারে ছিল কাচ্চি বিরিয়ানি। সবাই মিলে খাবার খাওয়ার পাশাপাশি বন্ধুদের সঙ্গে গল্প-আড্ডায় সময় কাটাই। বন্ধুদের সম্মাননা প্রদানও বিশেষভাবে ভালো লেগেছে।
দিনভর আনন্দ ও নানা আয়োজন শেষে রাত আটটার দিকে আমরা সদরঘাটে পৌঁছাই। রাত ৮টা ২০ মিনিটের দিকে মাইক্রোবাসে করে ধানগড়ার উদ্দেশে রওনা হই। পথে জ্যাম থাকার কারণে দীর্ঘ পথ পেরিয়ে রাত ২টা ১০ মিনিটের দিকে ধানগড়া সেন্টার পয়েন্টে পৌঁছাই।
বাড়ি ফেরার সময় মনে হচ্ছিল, পুরো আয়োজনের আনন্দ যেন এখনো সঙ্গে রয়ে গেছে। মনে হচ্ছিল, আবারও যদি এমন একটি আয়োজনে অংশ নিতে পারতাম! নতুন বন্ধুদের সঙ্গে পরিচয়, একসঙ্গে সময় কাটানো, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সম্মাননা প্রদান—সবকিছুই বারবার মনে পড়ছিল।
বন্ধু, রায়গঞ্জ বন্ধুসভা






