মালয়েশিয়ায় যেতে স্বাস্থ্য পরীক্ষা শুরু করেছেন কর্মীরা। স্বাস্থ্য পরীক্ষা অধিকতর স্বচ্ছ, জবাবদিহিমূলক, সুশৃঙ্খল ও নির্ভরযোগ্য করতে মেডিক্যাল সেন্টারগুলোকে ১১টি নির্দেশনা দিয়েছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
এই পরীক্ষা পরিচালনার জন্য ইতিমধ্যে মালয়েশিয়া থেকে ৫১টি মেডিক্যাল সেন্টার অনুমোদন পেয়েছে।
বাংলাদেশে স্বাস্থ্য পরীক্ষায় ফিট ঘোষিত হওয়ার পর কোনো কর্মী মালয়েশিয়ায় পৌঁছে নিয়োগপ্রাপ্ত হওয়া পর্যন্ত স্বাস্থ্য পরীক্ষায় আনফিট ঘোষিত হলে দেশে ফেরত পাঠানোসহ কর্মীর সংশ্লিষ্ট সব খরচ মেডিক্যাল সেন্টারকে বহন করতে হবে।
আজ বৃহস্পতিবার প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মালয়েশিয়ার নিয়োগকারী প্রতিষ্ঠানের কাছ থেকে পাঠানো ডিমান্ড লেটারে উল্লেখ থাকা কর্মীর সংখ্যার ভিত্তিতে মেডিক্যাল স্লিপ ইস্যু করতে হবে। ডিমান্ড লেটারে উল্লেখ থাকা সংখ্যার সর্বোচ্চ ৫ শতাংশ বেশি মেডিক্যাল স্লিপ ইস্যু করা যাবে। তবে কোনো অবস্থাতেই মেডিক্যাল সেন্টার নিজস্ব ইচ্ছায় বা অতিরিক্ত কর্মী পাঠানোর উদ্দেশ্যে নির্ধারিত সীমার বাইরে মেডিক্যাল স্লিপ ইস্যু করতে পারবে না।
নির্দেশনায় আরও বলা হয়, প্রতিটি মেডিক্যাল সেন্টারকে প্রতিদিন সম্পাদিত মেডিক্যাল পরীক্ষার ব্যক্তিভিত্তিক বিস্তারিত প্রতিবেদন প্রস্তুত ও সংরক্ষণ করতে হবে। প্রতিটি মেডিক্যাল সেন্টারের পরীক্ষার প্রতিবেদন সংশ্লিষ্ট তথ্যসহ অনলাইনে মন্ত্রণালয়ে দাখিল করতে হবে। এ ক্ষেত্রে মালয়েশিয়াগামী কর্মীর নাম, পাসপোর্ট নম্বর, ভিসা নম্বর এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে অন্তর্ভুক্ত করতে হবে। স্বাস্থ্য পরীক্ষার নির্ধারিত ফি ৮ হাজার টাকার অতিরিক্ত কোনো টাকা আদায় করা যাবে না।
বিজ্ঞপ্তিতে বলা হয়, একই কর্মীকে ইচ্ছাকৃতভাবে আনফিট ঘোষণা করে অপ্রয়োজনীয়ভাবে একাধিকবার মেডিক্যাল পরীক্ষা করানো যাবে না। কোনো অবস্থাতেই ভুয়া বা জাল মেডিক্যাল প্রতিবেদন তৈরি, প্রদান কিংবা ব্যবহার করা যাবে না। এ বিষয়ে মেডিক্যাল সেন্টারকে সর্বোচ্চ সতর্কতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। বাংলাদেশে স্বাস্থ্য পরীক্ষায় ফিট ঘোষিত হওয়ার পর কোনো কর্মী মালয়েশিয়ায় পৌঁছে নিয়োগপ্রাপ্ত হওয়া পর্যন্ত স্বাস্থ্য পরীক্ষায় আনফিট ঘোষিত হলে দেশে ফেরত পাঠানোসহ কর্মীর সংশ্লিষ্ট সব খরচ মেডিক্যাল সেন্টারকে বহন করতে হবে।
নির্দেশনার মধ্যে আরও রয়েছে—প্রতিটি মেডিক্যাল সেন্টারে প্রয়োজনীয় সব আধুনিক মেডিক্যাল যন্ত্রপাতি, পরীক্ষা-নিরীক্ষার সরঞ্জাম ও পর্যাপ্ত চিকিৎসাসেবা-সংক্রান্ত সুযোগ-সুবিধা থাকতে হবে। মেডিক্যাল পরীক্ষা আন্তর্জাতিকভাবে স্বীকৃত মান ও নির্ধারিত নিয়ম অনুসরণ করে সম্পন্ন করতে হবে ও পর্যাপ্তসংখ্যক বসার ব্যবস্থা থাকতে হবে। মাইগ্রাম (কর্মী নিয়োগের মালয়েশিয়ান সফটওয়্যার) নামে কোনো অর্থ আদায় করা যাবে না। কোনো মেডিক্যাল সেন্টার শর্ত লঙ্ঘন করলে জামানত বাজেয়াপ্ত, লাইসেন্স বাতিলসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে মন্ত্রণালয় থেকে শক্তিশালী মনিটরিং টিম গঠন করে কঠোরভাবে বিষয়গুলো নজরদারি করা হবে। প্রতিটি মেডিক্যাল সেন্টার তার প্রবেশপথের সামনে দৃশ্যমানভাবে বড় আকারে বিলবোর্ড স্থাপন করবে।






