কম্পিউটারের তথ্য প্রক্রিয়াকরণে এত দিন প্রধান ভূমিকা রেখেছে ইলেকট্রন। তবে প্রচলিত ইলেকট্রনিক কম্পিউটিং প্রযুক্তি এখন গতি, তথ্য আদান-প্রদান ও বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে নানা সীমাবদ্ধতার মুখে পড়ছে। এ পরিস্থিতিতে ইলেকট্রনের পরিবর্তে আলোককণা বা ফোটন ব্যবহার করে তথ্য প্রক্রিয়াকরণের প্রযুক্তি অপটিক্যাল কম্পিউটিং নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে। কয়েক দশক ধরে এ প্রযুক্তি নিয়ে গবেষণা চললেও সাম্প্রতিক সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেশিন লার্নিংয়ের দ্রুত প্রসারের কারণে এর গুরুত্ব বেড়েছে। গবেষকদের ধারণা, অপটিক্যাল কম্পিউটিংয়ের মাধ্যমে তুলনামূলক কম বিদ্যুৎ খরচে বিপুল পরিমাণ তথ্য প্রক্রিয়াকরণ সম্ভব হতে পারে।
অপটিক্যাল কম্পিউটিংয়ের বাজার এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। তবে এ প্রযুক্তি ঘিরে সম্ভাবনা কম নয়। নিকট ভবিষ্যতে নির্দিষ্ট কিছু জটিল সমস্যা সমাধানে বিশেষায়িত ক্ষেত্রে এর ব্যবহার শুরু হতে পারে। দীর্ঘ মেয়াদে কম্পিউটারের তথ্য প্রক্রিয়াকরণের প্রচলিত পদ্ধতিতেও বড় পরিবর্তন আনতে পারে প্রযুক্তিটি।
প্রযুক্তিটি কীভাবে কাজ করে, তা বোঝাতে পদার্থবিজ্ঞানীরা প্রায়ই চশমার উদাহরণ দেন। চশমার মধ্য দিয়ে আলো যাওয়ার সময় এর গতিপথ পরিবর্তিত হয়। ফলে চোখে ঝাপসা দেখা দৃশ্যও স্পষ্ট হয়ে ওঠে, অর্থাৎ কোনো দৃশ্য বা লেখার মতো আলোকসংকেতকে পরিবর্তন করে প্রয়োজনীয় ফলাফল পাওয়া যায়। এ ক্ষেত্রে আলো নিজেই একধরনের প্রক্রিয়াকরণ সম্পন্ন করে। উল্লেখযোগ্য বিষয় হলো এ ধরনের আলোকভিত্তিক প্রক্রিয়ায় আলাদা করে শক্তি খরচ করতে হয় না।
অপটিক্যাল কম্পিউটিংয়ের সুবিধা বোঝাতে প্রায়ই আলোর গতির প্রসঙ্গ টানা হয়। তবে কর্নেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পিটার ম্যাকমোহানের মতে, আলোর গতিকে এ প্রযুক্তির প্রধান সুবিধা হিসেবে বিবেচনা করা ঠিক নয়। কারণ, আলো কেবল শূন্যস্থানেই তার সর্বোচ্চ গতিতে চলতে পারে। সিলিকন ফোটনিকস প্রযুক্তিতে আলো শূন্যস্থানে আলোর গতির প্রায় ৪০ শতাংশ গতিতে চলাচল করে। এ গতি প্রিন্টেড সার্কিট বোর্ডে ইলেকট্রনের চলাচলের গতির প্রায় সমান।
সূত্র: ফোর্বস ডটকম






