আয় বাড়লে শুধু জীবনযাত্রাই বদলায় না, মানুষের স্বভাবেও কিছু পরিবর্তন আসতে পারে। সাম্প্রতিক এক বড় গবেষণায় দেখা গেছে, আয় বাড়ার সঙ্গে মানুষের দায়িত্বশীলতা ও মানসিক স্থিতিশীলতা বৃদ্ধির সম্পর্ক আছে। আবার অন্যের সঙ্গে মেলামেশা কিংবা সহযোগিতাপূর্ণ আচরণের প্রবণতা কিছুটা কমতেও পারে। তবে পরিবর্তনগুলো খুবই ছোট। গবেষকেরা বলছেন, মানুষের ব্যক্তিত্ব যেমন তাঁর আয়কে প্রভাবিত করতে পারে, তেমনি কর্মজীবনে আয় বৃদ্ধির অভিজ্ঞতাও ব্যক্তিত্বের পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত হতে পারে।

চাকরিতে পদোন্নতি হয়েছে, বেতনও বেড়েছে। আগের চেয়ে কাজের প্রতি মনোযোগী হয়েছেন, দায়িত্বও বেড়েছে। চাপের মধ্যেও নিজেকে শান্ত রাখতে পারছেন। কিন্তু সহকর্মীদের সঙ্গে আগের মতো আড্ডা দেন না। পরিচিত মানুষেরাও হয়তো বলছেন, আগের চেয়ে একটু বদলে গেছেন।
আদতেই কি আয়ের সঙ্গে স্বভাবের সম্পর্ক আছে
এই প্রশ্নের উত্তর খুঁজতে বড় পরিসরে গবেষণা করেছেন চীনের হংকং বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ওয়েন-ডং লি, গবেষক কাইলি ইউসহ একদল গবেষক।
মনোবিজ্ঞানবিষয়ক গবেষণা সাময়িকী ‘সাইকোলজিক্যাল বুলেটিন’–এ প্রকাশিত তাঁদের গবেষণায় যুক্তরাষ্ট্র, জার্মানি, নেদারল্যান্ডস, নরওয়ে ও অস্ট্রেলিয়ার ১১টি দীর্ঘমেয়াদি গবেষণার তথ্য বিশ্লেষণ করা হয়েছে। এতে সর্বোচ্চ ১ লাখ ৩৪ হাজার ৫১৫ জন কর্মজীবীর তথ্য অন্তর্ভুক্ত ছিল। এসব গবেষণায় অংশগ্রহণকারীদের আয় ও ব্যক্তিত্বের বিভিন্ন বৈশিষ্ট্য কয়েক বছর ধরে পর্যবেক্ষণ করা হয়।
আয় বাড়লে ব্যক্তিত্বে কী পরিবর্তন আসে
মনোবিজ্ঞানে মানুষের ব্যক্তিত্বকে সাধারণত পাঁচটি প্রধান বৈশিষ্ট্যের ভিত্তিতে ব্যাখ্যা করা হয়। এগুলো হলো—
দায়িত্বশীলতা
মানসিক স্থিতিশীলতা
সহযোগিতাপূর্ণ মনোভাব
বহির্মুখিতা
নতুন অভিজ্ঞতার প্রতি আগ্রহ
গবেষণায় দেখা গেছে, কারও আয় বাড়ার পর তাঁর দায়িত্বশীলতা ও মানসিক স্থিতিশীলতা কিছুটা বাড়ার প্রবণতা দেখা যায়। অর্থাৎ তিনি কাজের ক্ষেত্রে আরও শৃঙ্খলাবদ্ধ, নির্ভরযোগ্য ও চাপ সামলানোর ব্যাপারে তুলনামূলক দক্ষ হয়ে উঠতে পারেন।
অন্যদিকে আয় বৃদ্ধির পর অন্যের সঙ্গে সহযোগিতাপূর্ণ আচরণ ও মেলামেশার প্রবণতা কিছুটা কমার সম্পর্ক পাওয়া গেছে। তবে নতুন অভিজ্ঞতার প্রতি আগ্রহের সঙ্গে আয় পরিবর্তনের উল্লেখযোগ্য কোনো সম্পর্ক পাওয়া যায়নি।
এখানে একটি বিষয় মনে রাখা জরুরি। সহযোগিতাপূর্ণ মনোভাব কমার অর্থ এই নয় যে আয় বাড়লে মানুষ খারাপ বা অহংকারী হয়ে যায়। একইভাবে কম মিশুক হওয়ার অর্থও অন্যদের অপছন্দ করা নয়। গবেষণায় ব্যক্তিত্বের নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্যের গড় পরিবর্তনের সম্পর্ক পাওয়া গেছে, ব্যক্তিবিশেষের আচরণ সম্পর্কে নিশ্চিত কোনো সিদ্ধান্ত নয়।
কেন এমন পরিবর্তন হতে পারে
গবেষকদের ধারণা, বেশি বেতনের চাকরির সঙ্গে অনেক সময় দায়িত্ব, কাজের চাপ ও প্রত্যাশাও বাড়ে। এসব সামলাতে গিয়ে মানুষকে আরও পরিকল্পিতভাবে কাজ করতে হয়। কঠিন পরিস্থিতিতে শান্ত থাকা এবং সিদ্ধান্ত নেওয়ার অভ্যাসও গড়ে উঠতে পারে।
আবার কর্মজীবনে দায়িত্ব ও পদমর্যাদা বাড়ার পর নিজের লক্ষ্য ও কাজকে বেশি গুরুত্ব দেওয়ার প্রবণতা তৈরি হতে পারে। ফলে সামাজিক মেলামেশার জন্য সময় বা আগ্রহ কিছুটা কমতে পারে।
তবে এগুলো সম্ভাব্য ব্যাখ্যা। গবেষণায় নিশ্চিতভাবে প্রমাণিত হয়নি যে বেতন বাড়ার কারণেই এসব পরিবর্তন ঘটে।
ব্যক্তিত্ব বদলালেও কি আয় বাড়ে
গবেষণাটির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, আয় ও ব্যক্তিত্বের সম্পর্ক শুধু একমুখী নয়।
দেখা গেছে, সময়ের সঙ্গে যাঁদের দায়িত্বশীলতা ও মানসিক স্থিতিশীলতা বেড়েছে, তাঁদের পরবর্তী সময়ে আয় বাড়ার প্রবণতাও ছিল। অর্থাৎ কর্মজীবনে সফল হওয়ার জন্য ব্যক্তিত্বের কিছু বৈশিষ্ট্য যেমন সহায়ক হতে পারে, তেমনি কর্মজীবনের অভিজ্ঞতাও সেই বৈশিষ্ট্যগুলোর পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত হতে পারে।
তবে বহির্মুখিতা বা বেশি মিশুক হওয়ার প্রবণতা বৃদ্ধির সঙ্গে পরবর্তী সময়ে আয় সামান্য কমার সম্পর্ক পাওয়া গেছে। গবেষকদের মতে, এর অর্থ এই নয় যে মিশুক মানুষের আয় কম হয়। বরং কাজের ধরন অনুযায়ী এই সম্পর্ক বদলাতে পারে। যেমন বিক্রয়, যোগাযোগ কিংবা মানুষের সঙ্গে সরাসরি কাজ করতে হয়, এমন পেশায় মিশুক স্বভাব সুবিধা দিতে পারে।
পরিবর্তন কতটা বড়
গবেষণায় পাওয়া সম্পর্কগুলো পরিসংখ্যানগতভাবে তাৎপর্যপূর্ণ হলেও মাত্রার দিক থেকে খুবই ছোট। সবচেয়ে শক্তিশালী সম্পর্কটি পাওয়া গেছে আয় বৃদ্ধি ও পরবর্তী সময়ে দায়িত্বশীলতা বাড়ার মধ্যে।
গবেষকেরা আরও দেখেছেন, আয় ও ব্যক্তিত্বের পরিবর্তনের পারস্পরিক সম্পর্ক সময়ের সঙ্গে ওঠানামা করতে পারে। তাঁদের মডেল অনুযায়ী, কিছু সম্পর্ক প্রায় এক থেকে দেড় বছরের ব্যবধানে তুলনামূলক শক্তিশালী হয়। তবে এই সময়ের হিসাব সরাসরি পর্যবেক্ষণ নয়, পরিসংখ্যানগত মডেলের অনুমান।
গবেষণার অন্যতম প্রধান গবেষক ওয়েন-ডং লি মনোবিজ্ঞানবিষয়ক সংবাদমাধ্যম ‘সাইপোস্ট’–কে বলেন, মানুষের ব্যক্তিত্ব একবার গড়ে উঠলে তা আর বদলায় না, এমন ধারণা পুরোপুরি ঠিক নয়। কর্মজীবনের অভিজ্ঞতার সঙ্গে ব্যক্তিত্বের পরিবর্তনও ঘটতে পারে।

তবে গবেষণাটির কিছু সীমাবদ্ধতা আছে। এতে অংশগ্রহণকারীরা সবাই তুলনামূলক ধনী পাঁচটি দেশের কর্মজীবী। বাংলাদেশের মতো দেশের মানুষের ক্ষেত্রেও একই প্রবণতা দেখা যাবে কি না, তা নিশ্চিত নয়। এ ছাড়া গবেষণাটি পর্যবেক্ষণমূলক হওয়ায় আয় বৃদ্ধি ও ব্যক্তিত্বের পরিবর্তনের মধ্যে সরাসরি কার্যকারণ সম্পর্ক প্রতিষ্ঠা করা যায়নি।
তাহলে গবেষণাটি থেকে কী বোঝা যায়? মানুষের ব্যক্তিত্ব স্থির কোনো বিষয় নয়। বয়স, অভিজ্ঞতা ও কর্মজীবনের নানা পরিবর্তনের সঙ্গে স্বভাবের কিছু বৈশিষ্ট্যও ধীরে ধীরে বদলাতে পারে। আয় বৃদ্ধি সেই পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত একটি বিষয় হতে পারে। তবে বেশি বেতন পেলেই কেউ কম মিশুক বা কম সহানুভূতিশীল হয়ে যাবেন, এমন সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই।
সূত্র: সাইপোস্ট এবং সাইকোলজিক্যাল বুলেটিনে প্রকাশিত ‘ডু মানি অ্যান্ড টাইম চেঞ্জ হু ইউ আর? আ কন্টিনিউয়াস টাইম মেটা-অ্যানালাইসিস অ্যান্ড রিভিউ অব রেসিপ্রোকাল রিলেশনশিপস বিটুইন পারসোনালিটি ট্রেইটস অ্যান্ড ইনকাম’ শীর্ষক গবেষণা






