জরুরি পরিস্থিতিতে অন্তত তিন দিন নিজেদের প্রয়োজন নিজেরাই মেটানোর প্রস্তুতি নিতে বলছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ ক্ষেত্রে যুদ্ধের আশঙ্কা ছাড়াও সাইবার হামলা, বিদ্যুৎ-বিভ্রাট, নাশকতা, প্রাকৃতিক দুর্যোগ—নানা ধরনের ঝুঁকি বিবেচনায় নেওয়া হচ্ছে। কিন্তু হঠাৎ কেন এখন এমন পরামর্শ?

হঠাৎ বিদ্যুৎ চলে গেল। বন্ধ হয়ে গেল মোবাইল নেটওয়ার্ক। ব্যাংকের কার্ডে লেনদেন করা যাচ্ছে না। সুপার মার্কেটের তাক থেকে উধাও খাবার ও পানির বোতল। এমন পরিস্থিতিতে কীভাবে চলবে একটি পরিবার? ইউরোপের দেশগুলো এখন নাগরিকদের এমন এক পরিস্থিতির জন্যই প্রস্তুত থাকতে বলছে।

পরামর্শ দেওয়া হচ্ছে, ঘরে অন্তত তিন দিনের খাবার, পানীয় জল, প্রয়োজনীয় ওষুধ ও কিছু জরুরি সামগ্রী মজুত রাখতে। কোনো কোনো দেশে প্রস্তুতির সময়সীমা আরও বেশি—এক সপ্তাহ, এমনকি ১০ দিন।

পরামর্শ মেনে সম্প্রতি ইউরোপের সুপারমার্কেটগুলোয় সাধারণ মানুষের কেনাকাটার ধরনেও বড় ধরনের পরিবর্তন দেখা যাচ্ছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের পাশাপাশি এখন ক্রেতাদের ঝুড়িতে জায়গা করে নিচ্ছে টিনজাত মাংস, শুকনা ফল, বোতলজাত পানি, টর্চলাইট, মোমবাতি ও ব্যাটারিচালিত রেডিও।

প্রস্তুতি দেখে মনে হচ্ছে, একসময় যে বিষয়কে শুধু ‘ডুমসডে প্রেপার’ বা মহাপ্রলয়ের আশঙ্কায় ভোগা কিছু মানুষের অদ্ভুত খেয়াল বলে মনে করা হতো, সেটিই এখন ইউরোপের মূলধারার সরকারি নীতিতে পরিণত হয়েছে।

প্রস্তুতি দেখে মনে হচ্ছে, একসময় যে বিষয়কে শুধু ‘ডুমসডে প্রেপার’ বা মহাপ্রলয়ের আশঙ্কায় ভোগা কিছু মানুষের অদ্ভুত খেয়াল বলে মনে করা হতো, সেটিই এখন ইউরোপের মূলধারার সরকারি নীতিতে পরিণত হয়েছে।

ঘটনার সূত্রপাত

ব্রাসেলসে ৩ নভেম্বর অনুষ্ঠিত নবম ‘ইউরোপীয় সিভিল প্রটেকশন ফোরাম’-এ ইউরোপীয় কমিশনের সমতা, প্রস্তুতি ও সংকট ব্যবস্থাপনাবিষয়ক কমিশনার হাদজা লাহবিব নাগরিকদের জন্য এক নতুন সংকট-প্রস্তুতি নির্দেশিকা উপস্থাপন করেন।

নির্দেশিকায় ইউরোপের প্রতিটি পরিবারকে জরুরি রসদ, প্রয়োজনীয় ওষুধ, নগদ অর্থ এবং একটি পারিবারিক জরুরি পরিকল্পনা তৈরি রাখার আহ্বান জানানো হয়।

ইউরোপীয় কমিশনের মতে, যেকোনো বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ, দীর্ঘস্থায়ী বিদ্যুৎ-বিভ্রাট, বড় কোনো সাইবার হামলা বা সশস্ত্র সংঘাত শুরু হলে প্রথম ৭২ ঘণ্টা সবচেয়ে সংকটপূর্ণ হয়ে ওঠে। কারণ, এমন পরিস্থিতিতে উদ্ধারকারী দল, পুলিশ ও স্বাস্থ্যকর্মীদের সবার আগে জীবন-মৃত্যুর ঝুঁকিতে থাকা মানুষদের সহায়তায় নামতে হয়। ফলে তাৎক্ষণিকভাবে প্রতিটি পরিবারের দরজায় সরকারি সহায়তা পৌঁছানো সম্ভব হয় না।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের সামনে প্রথম ভাষণ দেন অ্যান্ডি বার্নহ্যাম। ২০ জুলাই ২০২৬, লন্ডনে

ইউরোপীয় কমিশনের এ ঘোষণার ঠিক আগে, গত ২২ অক্টোবর যুক্তরাজ্য সরকার ‘বি রেডি’ নামে একটি দেশব্যাপী সচেতনতামূলক প্রচারণা শুরু করে। এর আওতায় ব্রিটিশ সরকার নাগরিকদের জনপ্রতি অন্তত ৯ লিটার বোতলজাত পানি (দিনে ৩ লিটার হিসেবে তিন দিনের জন্য) এবং তিন দিনের পচনশীল নয়, এমন শুকনা বা টিনজাত খাবার মজুত রাখার সুনির্দিষ্ট পরামর্শ দিয়েছে।

সরকারি ওয়েবসাইটে প্রকাশিত এ তালিকায় টিনজাত মাংস, শাকসবজি, ফলমূল, ওটস, বাদাম, বিস্কুট, শিশুদের গুঁড়া দুধ এবং পোষা প্রাণীর খাবারও রাখতে বলা হয়েছে। এ ছাড়া বিদ্যুৎ চলে গেলে যোগাযোগ রক্ষায় ব্যাটারিচালিত বা হাত দিয়ে ঘুরিয়ে চার্জ দেওয়া যায়, এমন টর্চ ও রেডিও, অতিরিক্ত ব্যাটারি, প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম এবং গুরুত্বপূর্ণ নথিপত্রের ফটোকপি একটি পানিরোধী ব্যাগে সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে।

যুদ্ধ, সাইবার হামলা কিংবা প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় সরকারের এমন উদ্যোগকে সমর্থন জানিয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম নাগরিকদের উদ্দেশে বলেন, এ পরামর্শের মূল উদ্দেশ্য, মানুষকে ভয় দেখানো নয়; বরং যেকোনো অপ্রত্যাশিত বিপদের জন্য মানসিক ও বাস্তব প্রস্তুতি নেওয়া।

বার্নহ্যামের মতে, আধুনিক জীবনের চরম নির্ভরশীলতা, বিশেষ করে বিদ্যুৎ, ইন্টারনেট এবং ডিজিটাল লেনদেনের ওপর নির্ভরতা—এর যেকোনো বিপর্যয় মানুষকে মুহূর্তেই অসহায় করে তুলতে পারে। তাই ঘরে সামান্য কিছু শুকনা খাবার ও পানি মজুত থাকলে সংকটের প্রথম কয়েক দিন পরিবারগুলো নিরাপদে ও শান্তভাবে পরিস্থিতি মোকাবিলা করতে পারবে।

‘হামলার ঝুঁকি এখন আর কাল্পনিক নয়’

ইউরোপের সরকারগুলো যখন হঠাৎই নাগরিকদের ঘরে শুকনা খাবার, পানি ও টর্চলাইট মজুতের তাগিদ দিচ্ছে, তখন সাধারণ মানুষের মনে সবচেয়ে বড় যে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তা হলো ইউরোপ কি তবে আরেকটি বড় যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের মাটিতে সবচেয়ে বড় ও রক্তক্ষয়ী সংঘাত হিসেবে ইউক্রেনে রাশিয়ার হামলা এখনো চলছে। তবে নীতিনির্ধারকদের কপালে চিন্তার ভাঁজ শুধু প্রথাগত সম্মুখযুদ্ধের আশঙ্কায় পড়েনি; বরং তাঁরা সবচেয়ে বেশি উদ্বিগ্ন ‘হাইব্রিড যুদ্ধ’ বা ছায়াযুদ্ধ নিয়ে। সরাসরি সামরিক আক্রমণের বদলে শত্রুভাবাপন্ন রাষ্ট্রগুলো এখন কোনো দেশের অপরিহার্য অবকাঠামো, জ্বালানি সরবরাহ, যোগাযোগব্যবস্থা ও ইন্টারনেটে নাশকতা চালিয়ে পুরো দেশকে অচল করে দেওয়ার কৌশল নিচ্ছে।

জরুরি অবস্থা মোকাবিলায় পরামর্শ

যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী ওয়েস স্ট্রিটিং এ বিষয়ে কোনো রাখঢাক না রেখেই সরাসরি সতর্কবার্তা উচ্চারণ করেছেন। তাঁর মতে, রাশিয়া বা অন্য কোনো শত্রুভাবাপন্ন শক্তির পক্ষ থেকে ‘রাষ্ট্রীয় মদদপুষ্ট সন্ত্রাসবাদ’ এবং দৈনন্দিন অবকাঠামো লক্ষ্য করে হামলার ঝুঁকি এখন আর কোনো কাল্পনিক বিষয় নয়; বরং নিরেট বাস্তবতা।

স্ট্রিটিং স্পষ্ট ভাষায় বলেছেন, এই হুমকিগুলো এখন আর দূরের কোনো দেশে সীমাবদ্ধ নেই; বরং ক্রমে নিজেদের দোরগোড়ায় চলে আসছে। ফলে প্রথাগত সামরিক প্রতিরক্ষার পাশাপাশি জাতীয় সহনশীলতা বা সাধারণ মানুষের টিকে থাকার সক্ষমতা বাড়ানো ছাড়া আর কোনো বিকল্প নেই। তাঁর আশঙ্কা, শত্রুরা এমন সব সাইবার হামলা চালাতে পারে, যা ব্যবসাপ্রতিষ্ঠানের লেনদেনব্যবস্থা অচল করে দেবে এবং মুহূর্তেই খাদ্য সরবরাহ চেইন ধসিয়ে দেবে।

গোয়েন্দা সংস্থার পর্যবেক্ষণ

ইউরোপের গোয়েন্দা সংস্থাগুলোর সাম্প্রতিক কিছু পর্যবেক্ষণ এ আশঙ্কা আরও জোরালো করেছে। ইউরোপীয় সমুদ্রসীমায়, বিশেষ করে সমুদ্রের তলদেশে থাকা গুরুত্বপূর্ণ গ্যাস পাইপলাইন ও ইন্টারনেট কেব্‌ল নেটওয়ার্কের আশপাশে রুশ গোয়েন্দা জাহাজের রহস্যময় আনাগোনা বেড়েছে। এসব কেব্‌ল ক্ষতিগ্রস্ত হলে ইউরোপের বিশাল অংশে ইন্টারনেট ও টেলিযোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যেতে পারে।

ইউরোপীয় কমিশনের এ ঘোষণার ঠিক আগে, গত ২২ অক্টোবর যুক্তরাজ্য সরকার ‘বি রেডি’ নামে একটি দেশব্যাপী সচেতনতামূলক প্রচারণা শুরু করে। এর আওতায় ব্রিটিশ সরকার নাগরিকদের জনপ্রতি অন্তত ৯ লিটার বোতলজাত পানি (দিনে ৩ লিটার হিসেবে তিন দিনের জন্য) এবং তিন দিনের পচনশীল নয়, এমন শুকনা বা টিনজাত খাবার মজুত রাখার সুনির্দিষ্ট পরামর্শ দিয়েছে।

এ ছাড়া সাম্প্রতিক মাসগুলোয় ইউরোপের বিভিন্ন প্রতিরক্ষা কারখানা ও গুদামে রহস্যজনক অগ্নিকাণ্ড এবং জার্মানির লাইপজিগ বিমানবন্দরে ইউক্রেনীয় কার্গো বিমানের পাশে বিস্ফোরকবোঝাই ড্রোন উদ্ধারের মতো ঘটনাগুলো নিরাপত্তা বিশ্লেষকদের ভাবিয়ে তুলেছে।

গোয়েন্দাদের ধারণা, যুদ্ধের ময়দানের বাইরে ইউরোপের জনজীবনে বিশৃঙ্খলা ও আতঙ্ক ছড়াতেই এসব নাশকতার ছক কষা হচ্ছে।

বিদ্যুৎ চলে গেলেই থেমে যেতে পারে অনেক কিছু

সামরিক বা নাশকতামূলক হুমকির পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ ও প্রযুক্তিগত বিপর্যয়ের সাম্প্রতিক অভিজ্ঞতাও ইউরোপীয় সরকারগুলোকে নড়েচড়ে বসতে বাধ্য করেছে। উদাহরণ হিসেবে, ২০২৫ সালের এপ্রিলের ভয়াবহ বিদ্যুৎ-বিভ্রাটের কথা উল্লেখ করা হচ্ছে।

ইউরোপীয় কমিশনের সমতা, প্রস্তুতি ও সংকট ব্যবস্থাপনাবিষয়ক কমিশনার হাদজা লাহবিব

ওই সময় ভোল্টেজ বিপর্যয়ের কারণে স্পেন ও পর্তুগালের প্রায় সাড়ে পাঁচ কোটি মানুষ ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎহীন অবস্থায় ছিলেন। বিদ্যুৎ না থাকায় এটিএম বুথ, কার্ড পেমেন্ট, মোবাইল নেটওয়ার্ক ও সুপার মার্কেটের বিলিং সিস্টেম পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল। যাঁদের হাতে নগদ অর্থ বা ঘরে শুকনা খাবার ছিল না, তাঁরা চরম বিপাকে পড়েছিলেন।

আবার জলবায়ু পরিবর্তনের ফলে ইউরোপে আকস্মিক বন্যা ও তীব্র তাপপ্রবাহের মতো চরম আবহাওয়া বাড়ছে, যা যেকোনো মুহূর্তে স্বাভাবিক জীবনযাত্রা থামিয়ে দিতে পারে।

জার্মানি, সুইডেন, নরওয়েসহ একেক দেশে একেক মেয়াদে প্রস্তুতি

জরুরি পরিস্থিতির জন্য রসদ মজুতের পরামর্শ ইউরোপের সব দেশে এক রকম নয়; বরং ভৌগোলিক অবস্থান ও ঐতিহাসিক অভিজ্ঞতার ওপর ভিত্তি করে একেক দেশ একেক মাত্রার প্রস্তুতির কথা বলছে।

নিউজউইকের এক মানচিত্রভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ইউরোপের অন্তত ১৭টি দেশ তাদের নাগরিকদের ঘরে জরুরি খাবার ও পানি মজুত রাখার আনুষ্ঠানিক নির্দেশনা দিয়েছে। এর মধ্যে সবচেয়ে দীর্ঘ সময়ের প্রস্তুতির কথা বলেছে জার্মানি।

জার্মানির ফেডারেল অফিস অব সিভিল প্রটেকশন অ্যান্ড ডিজাস্টার অ্যাসিস্ট্যান্স নাগরিকদের অন্তত ১০ দিনের খাবার ও জনপ্রতি দৈনিক ২ লিটার হিসেবে ১০ দিনের পানি মজুত রাখার পরামর্শ দিয়েছে। তাদের তালিকায় শস্যদানা, ডাল, টিনজাত খাবার, শুকনা ফল ও জরুরি ওষুধের পাশাপাশি ঘর গরম রাখার বিকল্প ব্যবস্থার কথাও উল্লেখ রয়েছে।

রাশিয়ার সীমান্তবর্তী বা কাছাকাছি অবস্থিত নর্ডিক দেশগুলোতে, যেমন সুইডেন, নরওয়ে ও ফিনল্যান্ডে এ প্রস্তুতি নেওয়ার সংস্কৃতি বহু পুরোনো এবং অত্যন্ত সুসংগঠিত। দেশগুলো নাগরিকদের অন্তত এক সপ্তাহের রসদ ঘরে রাখার নির্দেশ দিয়েছে। বিশেষ করে সুইডেন সরকার দুই বছর আগেই দেশের প্রতিটি বাড়িতে ‘সংকট বা যুদ্ধের সময়’ (ইন কেস অব ক্রাইসিস অর ওয়ার) শীর্ষক একটি বিশেষ নির্দেশিকা পুস্তিকা ডাকযোগে পাঠিয়েছে।

শীতল যুদ্ধের সময়কার সেই পুরোনো প্রথা ফিরিয়ে এনে পুস্তিকাটিতে পরিষ্কারভাবে লেখা হয়েছে, দেশ আক্রান্ত হলে কীভাবে আত্মরক্ষা করতে হবে, কোথায় আশ্রয় নিতে হবে এবং ঘরে কী কী শুকনা খাবার, পানি ও যোগাযোগের সরঞ্জাম মজুত রাখতে হবে।

এস্তোনিয়াতেও নাগরিকদের এক সপ্তাহ পর্যন্ত বাইরের সহায়তা ছাড়াই চলার প্রস্তুতি নিতে বলা হয়েছে। পোল্যান্ড, চেক প্রজাতন্ত্র ও রোমানিয়ায় ৭২ ঘণ্টার প্রস্তুতির কর্মসূচি নেওয়া হয়েছে।

নাগরিকদের ওপর এ নির্দেশনার প্রভাব

সরকারি এসব নির্দেশনা সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে কতটা প্রভাব ফেলেছে, তা ফুটে উঠেছে ইউরোপের সাধারণ নাগরিকদের প্রস্তুতির গল্পে।

সুইডেনের রাজধানী স্টকহোমের বাসিন্দা আন্দ্রেয়াস ওয়েনারবার্গ সরকারি পুস্তিকা পাওয়ার পরপরই তাঁর বাড়ির বেজমেন্টে একটি জরুরি কর্নার তৈরি করেছেন। সেখানে তিনি ১০ লিটার বিশুদ্ধ পানি, একটি হাত দিয়ে ঘুরিয়ে চার্জ দেওয়া যায় এমন রেডিও, টিনজাত বিনস, পাস্তা এবং কিছু নগদ অর্থ জমিয়ে রেখেছেন।

ওয়েনারবার্গের ভাষায়, এটি কোনো ভয় থেকে করা নয়; বরং নাগরিক দায়িত্ববোধ থেকে করা; যাতে বিপদের সময় সরকারি উদ্ধারকর্মীদের ওপর বাড়তি চাপ না পড়ে।

আবার সমুদ্রপৃষ্ঠের নিচে বসবাসকারী নেদারল্যান্ডসের নাগরিক মাইকেল স্টুটের প্রস্তুতি আরও এক ধাপ এগিয়ে। চরম আবহাওয়াজনিত বন্যা এবং সম্ভাব্য যুদ্ধের আশঙ্কায় তিনি ঘরে ১২০ লিটার পানি, একটি ছোট জেনারেটর ও ইন্টারনেট–সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে যোগাযোগ সচল রাখার জন্য স্যাটেলাইটভিত্তিক ‘স্টারলিংক মিনি’ ডিভাইস কিনে রেখেছেন।

নিউজউইকের এক মানচিত্রভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ইউরোপের অন্তত ১৭টি দেশ তাদের নাগরিকদের ঘরে জরুরি খাবার ও পানি মজুত রাখার আনুষ্ঠানিক নির্দেশনা দিয়েছে। এর মধ্যে সবচেয়ে দীর্ঘ সময়ের প্রস্তুতির কথা বলেছে জার্মানি।

মজুত করা কোন খাবারের মেয়াদ কবে শেষ হবে, তা মনে রাখার জন্য পেশায় প্রযুক্তিবিদ মাইকেল নিজেই একটি মোবাইল অ্যাপ তৈরি করেছেন।

বিবিসির প্রতিবেদনে উঠে আসা অভিজ্ঞতাগুলো দেখায়, প্রস্তুতি মানেই সবার জন্য একই রকম বড় মজুত গড়ে তোলা নয়। কেউ অল্প অল্প করে প্রয়োজনীয় জিনিস কিনছেন, কেউ ঘরে আগে থেকে থাকা জিনিস দিয়েই শুরু করেছেন। আবার কেউ দীর্ঘমেয়াদি প্রস্তুতিতে বড় অঙ্কের অর্থ ব্যয় করছেন।

ইউরোপীয় কমিশনের মূল্যায়ন অনুযায়ী, উত্তর ও পূর্ব ইউরোপের দেশগুলোয় নাগরিক ও রাষ্ট্রীয় পর্যায়ের প্রস্তুতি বেশ শক্তিশালী হলেও দক্ষিণ ইউরোপের দেশগুলো, যেমন স্পেন, ইতালি বা গ্রিস এ ক্ষেত্রে এখনো অনেকটা পিছিয়ে। ফরাসি সরকারও সম্প্রতি নাগরিকদের ৭২ ঘণ্টার জরুরি ‘সারভাইভাল কিট’ প্রস্তুত রাখার আহ্বান জানিয়েছে।

নির্দেশনা নিয়ে বিতর্ক, ভঙ্গুর সরবরাহব্যবস্থা

নাগরিকদের ঘরে খাবার ও পানি মজুতের এমন সরকারি পরামর্শ ইউরোপের রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। বিশেষ করে যুক্তরাজ্যে ‘বি রেডি’ প্রচারণা শুরু হওয়ার পর বিরোধী দলগুলো সরকারের সামগ্রিক প্রতিরক্ষা ও নিরাপত্তা প্রস্তুতির সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছে।

ব্রিটেনের প্রধান বিরোধী দল কনজারভেটিভ পার্টির নেতা কেমি ব্যাডেনক সরকারের এ পদক্ষেপকে একপ্রকার দায় এড়ানোর চেষ্টা হিসেবে সমালোচনা করেছেন। তাঁর বক্তব্য, সাধারণ পরিবারগুলো না হয় তিন দিনের টিনজাত খাবার ও পানি মজুত করল, কিন্তু দেশের সীমান্ত প্রতিরক্ষা, আকাশসীমা সুরক্ষা, সাইবার হামলা প্রতিরোধ এবং হাইব্রিড যুদ্ধ মোকাবিলায় সরকার রাষ্ট্রীয় পর্যায়ে কী করছে, তা মোটেও স্পষ্ট নয়। দেশের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যে পরিমাণ অর্থ ও বিনিয়োগ প্রয়োজন, সরকার তা দিচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।

বিরোধী দলের সমালোচনার পাশাপাশি সরকারি তদারক সংস্থার প্রতিবেদনেও উদ্বেগজনক চিত্র উঠে এসেছে। যুক্তরাজ্যের ন্যাশনাল অডিট অফিস (এনএও) এক বিশেষ প্রতিবেদনে সতর্ক করে বলেছে, আধুনিক সাইবার হামলা, বৈশ্বিক বাণিজ্যপথের অস্থিরতা এবং জলবায়ু সংকটের মুখে ব্রিটেনের খাদ্য সরবরাহব্যবস্থা অত্যন্ত ভঙ্গুর ও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বর্তমানে সুপার মার্কেটগুলো ‘জাস্ট-ইন-টাইম’ বা তাৎক্ষণিক সরবরাহ নীতির ওপর চলে, অর্থাৎ গুদামে অতিরিক্ত মজুত না রেখে প্রতিদিন চাহিদা অনুযায়ী পণ্য আনা হয়। ফলে বড় কোনো সাইবার হামলায় পরিবহন বা লেনদেনব্যবস্থা মাত্র কয়েক দিনের জন্য থমকে গেলে সুপারমার্কেটগুলোর তাক মুহূর্তেই খালি হয়ে যেতে পারে।

ইতিমধ্যে রুশ সাইবার হ্যাকাররা ইউরোপের খাদ্য উৎপাদন ও সরবরাহ চেইনের দুর্বল জায়গাগুলো চিহ্নিত করে হামলা চালানোর চেষ্টা করছে বলেও গোয়েন্দা তথ্যে উঠে এসেছে।

অন্যদিকে অর্থনীতিবিদ ও সমাজবিজ্ঞানীরা আরেকটি বাস্তব সমস্যার দিকে আঙুল তুলেছেন। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির এ সময়ে ইউরোপের নিম্ন আয়ের পরিবারগুলোর পক্ষে অতিরিক্ত খাবার ও জরুরি কিট কিনে মজুত রাখা কতটা সম্ভব, তা নিয়ে প্রশ্ন তাঁদের।

দাতব্য সংস্থাগুলোর মতে, যেসব পরিবার সপ্তাহের নিত্যপ্রয়োজনীয় বাজার করতেই হিমশিম খাচ্ছে, তাদের জন্য ১০ দিনের বা ৭২ ঘণ্টার বাড়তি রসদ কিনে রাখা বিলাসিতার শামিল। এ ছাড়া সরকারি ঘোষণার পর মানুষ যাতে আতঙ্কিত হয়ে ‘প্যানিক বায়িং’ বা একসঙ্গে প্রচুর পণ্য কিনে কৃত্রিম সংকট তৈরি না করে, সেদিকেও নজর রাখার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকেরা।

সব মিলিয়ে ইউরোপের দেশগুলোর এ জরুরি খাবার মজুতের পরামর্শ কোনো আসন্ন বিশ্বযুদ্ধের আনুষ্ঠানিক ঘোষণা নয়; বরং এটি এক বদলে যাওয়া অস্থির পৃথিবীর রূঢ় বাস্তবতার স্বীকৃতি। স্নায়ুযুদ্ধের অবসানের পর দীর্ঘ তিন দশক ইউরোপ যে শান্তি, স্থিতিশীলতা ও নিরবচ্ছিন্ন সরবরাহব্যবস্থার ওপর নির্ভর করে নিশ্চিন্তে দিন কাটিয়েছে, ইউক্রেন যুদ্ধ, হাইব্রিড হামলা ও জলবায়ু বিপর্যয় সেই নিশ্চয়তায় বড় ফাটল ধরিয়েছে।

নেদারল্যান্ডসের নাগরিক মাইকেল স্টুটের কথায় যেন পুরো ইউরোপের এ নতুন দর্শনটিই প্রতিধ্বনিত হয়েছে, প্রস্তুত থাকার অর্থ আতঙ্কিত হওয়া নয়; বরং চারপাশের আলো যখন নিভে যাবে, তখন অন্ধকারে শান্ত ও স্থির থাকার সক্ষমতা অর্জন করা।

তথ্যসূত্র:

১. BBC: How to prepare for an emergency: What households in different countries stock up on;

২. European Commission: Commission takes new steps to prepare Europeans for growing crisis risks;

৩. Euronews: Are European households prepared for a crisis? Take our poll;

৪. The Guardian: Every Briton should stockpile water and food supplies, government advises;

৫. BBC: Burnham suggests stocking up on tinned food and bottled water;

৬. Newsweek: Map Shows Nations Urging People to Stockpile Food as France Issues Warning.